
শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেলের পরিকল্পনা, জানালেন শিক্ষামন্ত্রী
ডেস্ক রিপোর্টঃ
বিচার বিভাগের বিচারকদের জন্য যেমন পৃথক বেতন কাঠামো রয়েছে, ভবিষ্যতে শিক্ষকদের জন্যও একই ধরনের স্বতন্ত্র পে-স্কেল চালুর পরিকল্পনা করছে সরকার। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রথম স্টিয়ারিং কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘ ১১ বছর পর দেশে নতুন পে-স্কেল চালু হতে যাচ্ছে। তবে প্রস্তাবিত বেতন কাঠামোয় মূল্যস্ফীতির সঙ্গে প্রত্যাশিত মাত্রায় সমন্বয় করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী অবগত আছেন এবং মন্ত্রিসভার বৈঠকেও আলোচনা হয়েছে।
তিনি বলেন, এই বাস্তবতা বিবেচনায় নিয়ে আগামী দিনে শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল চালুর বিষয়টি ভাবা হচ্ছে। তবে অল্প সময়ের মধ্যে এত বড় সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব নয়। ধাপে ধাপে সরকার এ লক্ষ্যে এগিয়ে যাবে।
শিক্ষকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা তুলে ধরে মন্ত্রী বলেন, এসব জটিলতা নিরসনে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের বিষয়ে ইতোমধ্যে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলোকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন তিনি।
এহছানুল হক মিলন জানান, ২০২৬ সালের ৮ আগস্ট পর্যন্ত ২০২১ সাল থেকে শিক্ষকদের বকেয়া নিজস্ব কন্ট্রিবিউশনের অর্থ পরিশোধ করা হয়েছে। সরকারের অংশ হিসেবে যে অর্থ এখনো বাকি রয়েছে, তা সমন্বয়ের মাধ্যমে পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, আগামী বাজেটগুলো বাস্তবায়ন হলে শিক্ষকদের দীর্ঘদিনের এসব সমস্যা স্থায়ীভাবে সমাধানের পথ তৈরি হবে।
সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেকসহ বিভিন্ন সংসদীয় আসনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্রঃ যুগান্তর