
ঢাকা টু নোয়াখালী রুটে বরাদ্দকৃত নতুন ট্রেন দ্রুত চালুর দাবিতে চলছে রেলপথ অবরোধ কর্মসূচি।
একেএম মহিউদ্দিন – বিশেষ প্রতিনিধি:
রবিবার সকালে ঢাকা টু নোয়াখালী রুটে বরাদ্দকৃত নতুন একটি আন্তঃনগর বিরতিহীন ট্রেন দ্রুত চালুর দাবিতে চলছে রেলপথ অবরোধ কর্মসূচির (৪ মে) সকাল ৬টা থেকে মাইজদী রেলস্টেশনে সর্বস্তরের জনতার ব্যানারে, শিক্ষার্থী ও সাধারণ জনতা রেললাইনে অবস্থান নেন। এতে চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।
রেলপথ অবরোধ কর্মসুচীর প্রধান সমন্বয়ক মো. আরিফুল ইসলাম বলেন, ২০২৩ সালে নোয়াখালী টু ঢাকা রুটে ‘সুবর্ণচর এক্সপ্রেস’ নামে নতুন আন্তঃনগর ট্রেন বরাদ্দ দেওয়া হলেও এখনও তা চালু হয়নি।
এই রুটের যাত্রীরা প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। ফলে বাস সিন্ডিকেট নানাভাবে সাধারণ মানুষকে জিম্মি করছে। তাই অনতিবিলম্বে রেলপথ মন্ত্রনালয় সাবেক সরকারের অনুমোদনকৃত নিঝুমদ্বীপ এক্সপ্রেস সহ আরো ২ জোড়া ট্রেন সংযোজন না করলে অনিদিষ্টকালের জন্য আমাদের এই রেলপথ অবরোধ কর্মসুচী চলতে থাকবে।
উনারা দাবী করেন সুবর্নচর এক্সপ্রেস এর নাম পরিবর্তন করে ভূলুয়া এক্সপ্রেস অথবা নোয়াখালী এক্সপ্রেস নাম দিতে হবে!
এসময় উপস্থিত ছিলেন, অবরোধ কর্মসুচীর সহকারী সমন্বয়ক ফরহাদুল ইসলাম, মেহেদি হাসান সীমান্ত, মামুনুর রশিদ তুষার সহ নোয়াখালীর সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
মো. ইয়াসিন নামের এক যাত্রী বলেন, আমরা দাবির পক্ষে একমত। তবে অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছি। আমরা জরুরি কাজে যেতে পারছি না। দ্রুত একটা ব্যবস্থা নেওয়া উচিত।
এদিকে মাইজদী কোর্ট স্টেশনের দায়িত্বে থাকা স্টেশন মাস্টার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ৬টায় ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও অবরোধের কারণে ছেড়ে যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। তারা কি সিদ্ধান্ত দেয় সেই অপেক্ষায় আছি।
এবিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, আমরা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। আশা করি দ্রুত সময়ের সমস্যার সমাধান হবে।