
রাজধানীতে নকল ঔষধ কারখানায় এনএসআই-র্যাবের যৌথ অভিযান, জরিমানা ২.৫ লাখ।
ইদ্রিসুর রহমান হৃদয় – সংবাদের পাতা:
রাজধানীর কদমতলী থানাধীন নবীনবাগ পূর্ব জুরাইন এলাকায় নকল ও অনুমোদনবহির্ভূত ঔষধ উৎপাদনের অভিযোগে “মেসার্স দিহান ফার্মাসিউটিক্যালস” নামের একটি প্রতিষ্ঠানে যৌথ অভিযান পরিচালনা করেছে
এনএসআই ও র্যাব-১০ সিপিসি-১ বুধবার (১৩ মে) দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জোবায়ের। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে নকল যৌন উত্তেজক ঔষধ, অনুমোদিত সীমার অতিরিক্ত ঔষধ এবং লেবেলবিহীন ঔষধ উৎপাদন করা হচ্ছিল।
অভিযান চলাকালে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রয়োজনীয় বৈধ কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হয়। এছাড়া অস্বাস্থ্যকর ও দূষিত পরিবেশে লেবেলবিহীন কাঁচামাল ব্যবহার করে ঔষধ উৎপাদনের বিষয়টিও পরিলক্ষিত হয়।
এ ঘটনায় মোবাইল কোর্ট আইনে প্রতিষ্ঠানটিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিষ্ঠানটির লাইসেন্স সাময়িকভাবে স্থগিতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।
একইসঙ্গে ভবিষ্যতে নকল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনের অতিরিক্ত ঔষধ উৎপাদন থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।