
র্যাগিংয়ের অভিযোগে হাবিপ্রবির ৭২ শিক্ষার্থীকে শোকজ
অনলাইন ডেস্কঃ
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) র্যাগিংয়ের অভিযোগে ২৫ ও ২৬ ব্যাচের মোট ৭২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার রাতে হাবিপ্রবির জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানো, মানসিক চাপ সৃষ্টি এবং র্যাগিংয়ের মাধ্যমে হয়রানির অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পাসে র্যাগিং সম্পূর্ণরূপে বন্ধ করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের ঘটনায় শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে।
শোকজের নোটিশ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ভেটেরিনারি অনুষদের ২৬ ব্যাচের ২৬ জন, ২৫ ব্যাচের ১৩ জন, ইইই বিভাগের ২৬ ব্যাচের ২১ জন, ২৫ ব্যাচের ১০ জন এবং কৃষি অনুষদের ২৫ ও ২৬ ব্যাচের ১ জন করে ২ জন শিক্ষার্থী রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে,গত কয়েক দিনে ক্যাম্পাসের পাশে বিসিএস গলি, বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন কর্ণাই গ্রাম, বিশ্ববিদ্যালয়ের পুকুর পাড় এবং আবাসিক মেসে নতুন শিক্ষার্থীদের সাথে র্যাগিংয়ের খবর পেয়ে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় টিমের সদস্যরা র্যাগিংয়ের প্রাথমিকভাবে সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছেন। র্যাগিংয়ে প্রত্যকটি ঘটনার সাথে বিশ্ববিদ্যালয়ের ২৫ এবং ২৬ ব্যাচের শিক্ষার্থীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রত্যেককে ৭ কর্মদিবসের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান বলেন, শোকজের জবাব পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তরা সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূএঃ বাসস