
আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’
ডেস্ক রিপোর্টঃ
সরকার আগামী মাসের মধ্যেই ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে যাচ্ছে। প্রথম ধাপে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের জন্য ডেবিট কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রবাসী কার্ড-সংক্রান্ত এক বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।
তিনি বলেন, প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক অন্তর্ভুক্তি ও আন্তর্জাতিক ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতেই এই কার্ড চালু করা হচ্ছে। ডুয়াল কারেন্সি সুবিধাসহ কার্ডধারীরা দেশে-বিদেশে নানা ধরনের সেবা ও বিশেষ সুবিধা পাবেন।
প্রবাসী কার্ডের মাধ্যমে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার, বিশেষ ইমিগ্রেশন সুবিধা, হোটেল ও বিমান টিকিটে ছাড়, স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা, বীমা, পুনর্বাসন, রেমিট্যান্স রিওয়ার্ড, ঋণ সুবিধা, সহজ অর্থ লেনদেন এবং এনআইডি, পাসপোর্ট ও কনস্যুলার সেবায় অগ্রাধিকারসহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে।
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ডের পর এবার প্রবাসী কার্ড বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপ-প্রেস সচিব জানান, আগামী মাসের মাঝামাঝি পরীক্ষামূলক উদ্বোধনের পর প্রথম ধাপে জনতা ব্যাংক কার্ড ইস্যু করবে। ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে ২ লাখ প্রবাসীর হাতে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় ধাপে প্রবাসী কল্যাণ ব্যাংক কার্ডের সব কার্যক্রম পরিচালনা করবে।
বৈঠকে প্রধানমন্ত্রী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ দেন। পাশাপাশি বিশ্বের সব বাংলাদেশি প্রবাসীকে পর্যায়ক্রমে এই কর্মসূচির আওতায় আনার ওপরও গুরুত্বারোপ করেন।
সূএঃ বাসস