
সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জোরদারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ডেস্ক রিপোর্টঃ
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার, মাদক ও অস্ত্র চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২০ জুলাই) ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শনকালে বাহিনীর সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
সকাল ১১টায় বিজিবি সদর দপ্তরে পৌঁছালে একটি সুসজ্জিত দল স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি বাহিনীর অপারেশন, প্রশিক্ষণ, প্রশাসনিক কার্যক্রম এবং চলমান উন্নয়ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত ব্রিফিং নেন।
পিলখানার শহীদ শাকিল আহমেদ হলে আয়োজিত মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি সদস্যদের দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি বাহিনীর শৃঙ্খলা, চেইন অব কমান্ড, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পেশাগত আচরণ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি গুজব ও অপপ্রচার এড়িয়ে যাচাইকৃত তথ্যের ভিত্তিতে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহার, সীমান্তবর্তী জনগণের আস্থা অর্জন, দুর্যোগ ও জাতীয় সংকটে মানবিক ভূমিকা পালন এবং নিরপেক্ষতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, ‘সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্র ধারণ করে বিজিবি ভবিষ্যতেও শৃঙ্খলা, আত্মত্যাগ ও পেশাদারিত্বের মাধ্যমে দেশের সীমান্ত নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেসিও, সদস্য ও অসামরিক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ন ও সীমান্ত ফাঁড়িতে কর্মরত সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।
মতবিনিময় শেষে স্বরাষ্ট্রমন্ত্রী পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে তিনি বিজিবি সদর দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, ২০০৯ শহীদ স্মৃতিস্তম্ভ ও দীপ্ত সীমান্ত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং সীমান্ত কুঞ্জ এলাকায় একটি বৃক্ষরোপণ করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তিনি।
সূএঃ বাসস