
জামালপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: পৃথক অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৩০০ পিস ইয়াবা উদ্ধার।
এমদাদুল হক
জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোট ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের সার্বিক দিকনির্দেশনায় গত ২৪ ঘণ্টায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১ ও ডিবি-২) সদস্যরা জেলার বিভিন্ন স্থানে পৃথক দুটি অভিযান পরিচালনা করেন।
প্রথম অভিযানে জামালপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) এসআই (নিরস্ত্র) মো. সোহাগ রানার নেতৃত্বে সদর উপজেলার কদমতলী পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. ফরিদুল হাসানের বাড়ির নিচতলার ভাড়াটিয়া মো. রায়হান আলী (এমরান)-এর কক্ষ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে রায়হান আলী (এমরান) (৪১), সাদ্দাম হোসেন (২৭) ও মো. বেলাল শেখ (৪৬)-কে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম, পিপিএম-এর তত্ত্বাবধানে ডিবি-২ এর একটি দল বকশীগঞ্জ উপজেলার বালুরগাঁও এলাকায় ধানুয়া কামালপুর স্থলবন্দরগামী সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় ২০০ পিস ইয়াবাসহ মো. রুকনোদ্দৌলা (৩৩), আবু জাফর মানিক (৩৭), মো. সুজাত মিয়া (৩২) ও মো. গোলাম হোসেন (৫৮)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, “মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকের বিস্তার রোধে জামালপুর জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও কঠোরতার সঙ্গে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী কিংবা তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে আইনের আওতার বাইরে থাকার সুযোগ দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ জামালপুর গড়ে তুলতে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও গোয়েন্দাভিত্তিক মাদকবিরোধী অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।