সবার কথা বলে

প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী

0 1

প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী

ডেস্ক রিপোর্টঃ

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা এবং সমাজের মূলধারায় যুক্ত করার উদ্যোগের অংশ হিসেবে তিনজনকে চাকরি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে যাওয়ার সময় তাঁদের হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দেন।

নিয়োগপত্র বিতরণের মধ্য দিয়েই সচিবালয়ে দিনের কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

চাকরি পাওয়া তিনজন হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী।

হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তিনজনই আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। তাঁদের জীবনে এটি নতুন কর্মজীবনের সূচনার পাশাপাশি নতুন স্বপ্ন ও সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

শারীরিক প্রতিবন্ধী নীলা খাতুন জন্ম থেকেই দুই হাত ছাড়া। তবে পা দিয়ে লিখে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তাঁকে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

একইভাবে শারীরিক প্রতিবন্ধী আয়শা আক্তারও পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। দুই হাত না থাকায় তিনি মুখ দিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়োগপত্র গ্রহণ করেন। তাঁকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, দৃষ্টি প্রতিবন্ধী মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব উপস্থিত ছিলেন।

এদিকে, তিনজন প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল। নিয়োগপত্র দেওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সূত্রঃ বাসস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.