
নৌপরিবহন খাতের তথ্যভান্ডার তৈরিতে প্রথমবার দেশজুড়ে নৌযান শুমারি
ডেস্ক রিপোর্টঃ
দেশের নৌপরিবহন ব্যবস্থাকে আরও পরিকল্পিত ও আধুনিক করতে প্রথমবারের মতো নৌযান শুমারি শুরু করতে যাচ্ছে সরকার। এর মাধ্যমে সমুদ্র, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলপথে চলাচলকারী নৌযানের তথ্য সংগ্রহ করে একটি জাতীয় ডাটাবেইজ তৈরি করা হবে।
নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ উদ্যোগে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশব্যাপী এ শুমারি পরিচালিত হবে। ‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
সোমবার খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আয়োজিত নৌযানসংশ্লিষ্ট অংশীজনদের অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্টরা জানান, নৌযানের সঠিক সংখ্যা ও ধরন নির্ধারণের পাশাপাশি নৌপরিবহন খাতের নিরাপত্তা বাড়ানো, দুর্ঘটনা কমানো এবং এ খাতে কর্মরত মানুষের জীবনমান উন্নয়নে শুমারির তথ্য ব্যবহার করা হবে। ভবিষ্যতে নৌপথ ও নৌপরিবহন খাতের উন্নয়ন পরিকল্পনা গ্রহণেও এসব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুমারিতে দেশের সমুদ্রগামী, উপকূলীয় এবং অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ইঞ্জিনচালিত নৌযানের তথ্য অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি যেসব নৌযানের নিজস্ব ইঞ্জিন নেই, কিন্তু অন্য কোনো নৌযানের মাধ্যমে টেনে বা ধাক্কা দিয়ে চালানো হয়, সেগুলোর তথ্যও সংগ্রহ করা হবে।
তবে সামরিক বাহিনীর মালিকানাধীন ও নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত নৌযান শুমারির আওতায় আসবে না।
প্রাথমিক তালিকা তৈরির কার্যক্রমে সারা দেশে ২ লাখ ৪৪ হাজার ৮০৮টি ইঞ্জিনচালিত নৌযান চিহ্নিত হয়েছে। এর মধ্যে ঘাটভিত্তিক নৌযান ১ লাখ ৭৪ হাজার ৪৭টি এবং খানাভিত্তিক নৌযান ৭০ হাজার ৭৬১টি।
খুলনা বিভাগে মোট ১০ হাজার ৩২৭টি নৌযানের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৭ হাজার ৪১৪টি ঘাটভিত্তিক এবং ২ হাজার ৯১৩টি খানাভিত্তিক নৌযান।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন বলেন, দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে নির্ভরযোগ্য পরিসংখ্যানের বিকল্প নেই। প্রথমবারের মতো পরিচালিত নৌযান শুমারি সফল করতে তিনি গণমাধ্যমসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত রেঞ্জ ডিআইজি তোফায়েল আহমেদ ও নৌ অঞ্চলের পুলিশ সুপার মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. আব্দুল আলীম অনুষ্ঠানে নৌযান শুমারির বিভিন্ন দিক তুলে ধরেন। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, নৌযান মালিকদের প্রতিনিধি, ট্যুর অপারেটর, নৌপরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সূত্রঃ বাসস