
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ
ডেস্ক রিপোর্টঃ
দেশে চলমান জ্বালানি সংকট কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে ধাপে ধাপে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌরবিদ্যুৎবিষয়ক এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জ্বালানি সংকট মোকাবিলা ও সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে প্রধানমন্ত্রী তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন।
সিদ্ধান্ত অনুযায়ী, দেশের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় পর্যায়ক্রমে সৌর প্যানেল বসানো হবে। একই সঙ্গে দেশে সোলার ইনভার্টার তৈরিতে ব্যবহৃত কাঁচামাল আমদানির ক্ষেত্রে সরকারি সহায়তা দেওয়া হবে।
এ ছাড়া সাধারণ মানুষের কাছে সৌরবিদ্যুৎকে আরও সাশ্রয়ী, সহজলভ্য ও আর্থিকভাবে লাভজনক করে তুলতে কার্যকর অর্থনৈতিক কাঠামো তৈরির নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রাথমিক পর্যায়ে বঙ্গভবন, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের ভবন, পরিকল্পনা কমিশন ভবনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় সৌর প্যানেল বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
সভায় প্রধানমন্ত্রী বলেন, সরকারি ভবনগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হলে সাধারণ মানুষের মধ্যেও এ প্রযুক্তি ব্যবহারের আগ্রহ বাড়বে। এ লক্ষ্যেই সরকারি স্থাপনাগুলোতে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈঠকে প্রাণ-আরএফএল গ্রুপ ও ওয়ালটন গ্রুপ আলাদাভাবে আবাসিক ভবনে সৌর প্যানেল স্থাপন এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার সম্ভাবনা ও পদ্ধতি তুলে ধরে।
তাদের উপস্থাপনায় বলা হয়, এ উদ্যোগ বাস্তবায়ন হলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাশ্রয় হওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
সভায় সৌরবিদ্যুতের অর্থনৈতিক সুবিধা ও ব্যবহারিক দিকগুলো মানুষের সামনে আরও ব্যাপকভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়। এতে সাধারণ ভোক্তাদের মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবহারের আগ্রহ বাড়বে বলে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জানান, সৌরবিদ্যুতের মাধ্যমে এয়ার কন্ডিশনার, ফ্যান, লিফটসহ বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যন্ত্র চালানো সম্ভব—বৈঠকে দেওয়া উপস্থাপনায় এ বিষয়টিও তুলে ধরা হয়।
সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, প্রতিষ্ঠানের সোলার ও নবায়নযোগ্য বিদ্যুৎ বিভাগের এজিএম তওহিদুল আহাদ এবং ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্রঃ যুগান্তর