সবার কথা বলে

সবুজ শিল্পায়নে জোর, অর্থনৈতিক অঞ্চলকে আধুনিক ও বিনিয়োগবান্ধব করার নির্দেশ প্রধানমন্ত্রীর

0 1

সবুজ শিল্পায়নে জোর, অর্থনৈতিক অঞ্চলকে আধুনিক ও বিনিয়োগবান্ধব করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্টঃ

দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে শিল্পায়নের গতি বাড়ানোর পাশাপাশি পরিবেশ রক্ষাকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এসব অঞ্চলকে পরিকল্পিত, আধুনিক, পরিবেশবান্ধব ও দেশি-বিদেশি বিনিয়োগের উপযোগী শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভায় অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণ নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, সরকারের ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে দেশের সব ইপিজেডে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন ইপিজেডে মোট ১ লাখ ২৫ হাজার গাছ রোপণ করা হবে।

তিনি বলেন, শিল্পাঞ্চলে সবুজ পরিবেশ বাড়ানো, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা এবং অর্থনৈতিক অঞ্চলগুলোকে টেকসই শিল্পকেন্দ্রে রূপ দিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

সভায় বেজা গভর্নিং বোর্ডের নবম বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন কতদূর এগিয়েছে, তা পর্যালোচনা করা হয়। একই সঙ্গে নতুন অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পরিকল্পনা, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর কার্যক্রম ও মূল্যায়ন এবং সরকারের অব্যবহৃত শিল্পসম্পদ কাজে লাগানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

নারায়ণগঞ্জের করিম জুট মিলস ও লতিফ বাওয়ানী জুট মিলসের জমি এবং বিদ্যমান অবকাঠামোকে অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা যায় কি না, সে বিষয়েও সভায় পর্যালোচনা করা হয়।

এসব স্থানে আধুনিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলে দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়ানো, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং স্থানীয় অর্থনীতিতে গতি আনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া বেসরকারি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার আবেদন ও লাইসেন্স অনুমোদনের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা ও নির্দেশিকা অনুসরণের বিষয়টি আলোচনায় আসে। প্রয়োজন অনুযায়ী নতুন নীতিমালা প্রণয়নের সম্ভাবনাও বিবেচনা করা হয়েছে বলে জানান উপ-প্রেস সচিব।

সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন।

সূত্রঃ বাসস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.