সবার কথা বলে

আজ বসছে সংবিধান সংশোধন কমিটির প্রথম সভা

0 6

আজ বসছে সংবিধান সংশোধন কমিটির

প্রথম সভা

ডেস্ক রিপোর্টঃ

সংবিধান সংশোধনবিষয়ক সংসদীয় কমিটির প্রথম বৈঠক আজ মঙ্গলবার (৪ আগস্ট) অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে দুপুর ১২টায় এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এতে সভাপতিত্ব করবেন।

সংসদ সচিবালয় জানিয়েছে, বিরোধী দল এখনো কমিটিতে সদস্য না দেওয়ায় ১২ সদস্যকে নিয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ১৭ সদস্যের কমিটিতে বিরোধী দলের জন্য পাঁচটি পদ খালি রাখা হয়েছে। পরবর্তীতে বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়া গেলে তাদের অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে।

সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রথম দিনের বৈঠকে মূলত সদস্যদের পরিচিতি এবং পরবর্তী বৈঠকে আলোচ্য বিষয় নির্ধারণ করা হতে পারে। সংবিধান সংশোধনসংক্রান্ত বিস্তারিত ও কার্যকর আলোচনা দ্বিতীয় বৈঠক থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২৪ সালের জুলাই আন্দোলনের পর রাষ্ট্র সংস্কারের দাবির ধারাবাহিকতায় বর্তমান সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়। সংবিধানের বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। বিশেষ করে রাষ্ট্রক্ষমতার ভারসাম্য, নির্বাহী বিভাগের ক্ষমতা, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে নানা মতামত উঠে আসে।

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গত ১৩ জুলাই জাতীয় সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়। তবে বিরোধী দল সংবিধান সংশোধনের পরিবর্তে রাষ্ট্রের সার্বিক সংস্কারের দাবি জানিয়ে আসছিল।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সদস্য হিসেবে রয়েছেন চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম, মোহাম্মদ আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিব রহমান পার্থ, মোহাম্মদ নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা, মোহাম্মদ মাহমুদুল হক রুবেল এবং মোহাম্মদ অলিউল্লাহ।

সূত্রঃ যুগান্তর 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.