
বাড়তি বিদ্যুৎ বিলের অভিযোগে কর্তৃপক্ষকে তাসনিম জারার তীব্র সমালোচনা
ডেস্ক রিপোর্টঃ
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকার সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ড. তাসনিম জারা।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, জনগণের কথা বলার অধিকার দমিয়ে রাখার মানসিকতা থেকে কর্তৃপক্ষকে বেরিয়ে আসতে হবে। তারা জনগণের ওপর কর্তৃত্ব করার জন্য নয়, বরং মানুষের সেবা করার দায়িত্বে রয়েছেন—এ কথাও উল্লেখ করেন তিনি।
তাসনিম জারা জানান, তার পরিচিত অনেকেই আগের তুলনায় কয়েক গুণ বেশি বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ করেছেন। তাদের কেউ রাজনীতির সঙ্গে যুক্ত নন এবং এ বিষয়ে তাদের কোনো ব্যক্তিগত বা বিশেষ উদ্দেশ্যও নেই বলে দাবি করেন তিনি।
তিনি আরও লেখেন, বাসাবো, মাদারটেক ও নন্দীপাড়ার বিভিন্ন কমিউনিটি গ্রুপে অসংখ্য মানুষ একই ধরনের অভিযোগ করছেন। অনেক পরিবার যখন নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম খাচ্ছে, তখন গ্রাহকদের অভিযোগের সমাধান না করে তাদের প্রতি হুমকির ভাষা ব্যবহার করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
পোস্টের শেষাংশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাওয়া এবং হুমকিমূলক অবস্থান থেকে সরে আসার আহ্বান জানান তাসনিম জারা। একই সঙ্গে তিনি গণশুনানির আয়োজন করে গ্রাহকদের সঙ্গে সরাসরি কথা বলা এবং বিদ্যুৎ বিল বাড়ার কারণ পরিষ্কারভাবে ব্যাখ্যা করার দাবি জানান।
তিনি বলেন, যাদের কাছে কোনো জবাব থাকে না, তারাই সাধারণত হুমকির পথ বেছে নেয়।
সূত্রঃ যুগান্তর