
‘কিং’-এর নতুন লুক নিয়ে জল্পনা, লন্ডনে ভক্তের ক্যামেরায় শাহরুখ
ডেস্ক রিপোর্টঃ
বর্তমানে পুরোদমে চলছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিং। নতুন এই ছবির কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এরই মধ্যে লন্ডনে তোলা তার একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সিনেমাটিতে তার সম্ভাব্য নতুন লুক নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।
শুটিংয়ের ফাঁকে অবসর সময় কাটাতে বের হলে এক ভক্তের ক্যামেরায় ধরা পড়েন শাহরুখ। ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে তাকে কালো হুডি এবং ‘VR-46’ লেখা কালো ক্যাপ পরিহিত অবস্থায় দেখা যায়। তিনি মুখ আড়াল রাখার চেষ্টা করলেও ক্যাপের নিচ থেকে তার ব্লিচ করা চুলের কিছু অংশ দেখা যায়।
এ দৃশ্য দেখেই নেটিজেনদের মধ্যে ধারণা তৈরি হয়েছে, পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমায় শাহরুখের নতুন চরিত্রের লুক গোপন রাখতেই তিনি এতটা সতর্ক ছিলেন।
গুঞ্জন রয়েছে, সিনেমাটিতে শাহরুখ খানকে পুরোপুরি ধূসর চুলের একটি ব্যতিক্রমী রূপে দেখা যেতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সিনেমার নির্মাতা বা শাহরুখ খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লন্ডনে শুটিংয়ের বিরতিতে ঘুরতে বের হওয়ার সময় শাহরুখের পরনে ছিল সাদা টি-শার্ট। সাধারণ পোশাকে থাকলেও ভক্তদের নজর এড়াতে পারেননি তিনি। এ সময় কয়েকজন অনুরাগীর সঙ্গে ছবিও তুলেছেন বলিউডের এই তারকা।
অন্যদিকে, লন্ডনে শাহরুখ খানের বাড়িটিও ভক্তদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায়, তার বাড়ির সামনে জড়ো হচ্ছেন অসংখ্য ভক্ত। অনেকেই সেখানে ছবি তুলছেন এবং সেলফি ভিডিও ধারণ করছেন।
লন্ডনে শাহরুখের বাড়ির সামনে ভক্তদের এই ভিড় মুম্বাইয়ে তার জনপ্রিয় বাসভবন ‘মান্নাত’-এর সামনের পরিচিত দৃশ্যের কথাই মনে করিয়ে দিচ্ছে।
সূত্রঃ যুগান্তর