সবার কথা বলে

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম, নজর ফেডের সিদ্ধান্তে

0 0

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম, নজর ফেডের সিদ্ধান্তে

ডেস্ক রিপোর্টঃ

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে আবারও পতন হয়েছে। মঙ্গলবার দুপুরে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি ট্রয় আউন্স ৪ হাজার ২৮৭ দশমিক ৬৯ ডলারে নেমে যায়।

এর আগে সোমবারও স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটে। এতে গত ৭ আগস্টের পর আন্তর্জাতিক বাজারে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায় মূল্যবান ধাতুটির দাম। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩২৮ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি আগস্টে যুক্তরাষ্ট্রে ভোক্তা ব্যয় এবং মূল্যস্ফীতির মূল সূচক চার মাসের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে। ফলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ দীর্ঘ সময় সুদের হার তুলনামূলক উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে ফেডারেল রিজার্ভের দুই দিনের বৈঠক শেষে বুধবার সুদের হার নিয়ে সিদ্ধান্ত আসার কথা রয়েছে। বাজারের ধারণা, ফেড ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়াতে পারে।

স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না। তাই সুদের হার বাড়লে সুদ বা মুনাফা পাওয়া অন্যান্য সম্পদে বিনিয়োগের আকর্ষণ বেড়ে যায়। এতে স্বর্ণ ধরে রাখার সুযোগব্যয় বাড়ে এবং বিনিয়োগকারীদের মধ্যে সোনা বিক্রির প্রবণতা তৈরি হয়।

বর্তমান আন্তর্জাতিক স্পট মূল্য অনুযায়ী প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ২৮৭ দশমিক ৬৯ ডলার। প্রতি ডলারের মূল্য ১২৩ টাকা ধরে হিসাব করলে বিশ্ববাজারে এক ভরি স্বর্ণের দাম প্রায় ১ লাখ ৯৭ হাজার ৮০০ টাকার কাছাকাছি।

সূত্রঃ যুগান্তর 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.