
জেলজীবনের ভয়াবহ অভিজ্ঞতা জানাবেন সালমান খান
ডেস্ক রিপোর্টঃ
তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। আর সেই তারকা যদি বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান হন, তাহলে ভক্তদের আগ্রহ আরও বেড়ে যায়।
‘অ্যামাজন প্রাইম ভিডিও’র জনপ্রিয় অনুষ্ঠান ‘অ্যালাইন্স’-এর নতুন প্রোমো প্রকাশের পর সালমানভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হাজির হচ্ছেন বলিউডের এই সুপারস্টার।
প্রতিযোগীদের উৎসাহ দিতে এবং তার ভাই সোহেল খানকে অনুপ্রেরণা জোগাতেই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন সালমান। তবে প্রোমোর ইঙ্গিত অনুযায়ী, সেখানে নিজের জীবনের কিছু অজানা ও ব্যক্তিগত অভিজ্ঞতাও তুলে ধরবেন তিনি।
প্রোমোতে দেখা গেছে, কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় কারাবন্দি থাকার সময়ের কঠিন ও অস্বস্তিকর অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন সালমান খান। দীর্ঘদিন আগের সেই জেলজীবনের নানা স্মৃতি দর্শকদের সামনে তুলে ধরবেন তিনি।
সালমান জানান, কারাগারে থাকার সময় তাদের সামনে লোহার শিক ছিল। খুব ছোট একটি কক্ষে প্রায় ৫০ থেকে ৭০ জনকে একসঙ্গে থাকতে হতো। এত মানুষের জন্য সেখানে ছিল মাত্র একটি টয়লেট।
তিনি আরও বলেন, কারাগারে পিঁপড়া, তেলাপোকা ও টিকটিকির উপদ্রব ছিল। তবে সবচেয়ে দুর্বিষহ পরিস্থিতি তৈরি হতো যখন টয়লেটের ময়লা উপচে পড়ে চারপাশে ছড়িয়ে যেত। সেই সময়ের পরিবেশ ও অভিজ্ঞতা ছিল অত্যন্ত কষ্টকর।
‘অ্যালাইন্স’-এর আসন্ন পর্বে সালমান খানের এই খোলামেলা স্মৃতিচারণ দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।
সূত্রঃ যুগান্তর