সবার কথা বলে

সৌরবিদ্যুৎসহ বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সৌদিকে প্রধানমন্ত্রীর আহ্বান

0 3

সৌরবিদ্যুৎসহ বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সৌদিকে প্রধানমন্ত্রীর আহ্বান

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা, ৪ আগস্ট, ২০২৬ (বাসস): বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে সৌরবিদ্যুৎ ও পরিচ্ছন্ন জ্বালানি খাতে সৌদি বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশে এখন বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার বিভিন্ন বড় কর্মসূচি বাস্তবায়ন করছে। এ খাতে সৌদি কোম্পানিগুলোর অংশগ্রহণ বাংলাদেশ ও সৌদি আরব—উভয় দেশের জন্যই লাভজনক হতে পারে।

বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানান।

সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ গড়ে উঠেছে। এ সুযোগ কাজে লাগিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে সৌদি আরব আন্তরিকভাবে আগ্রহী।

তিনি আরও জানান, বিভিন্ন সম্ভাবনাময় খাতে সহযোগিতা বাড়ানো এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরিতে সৌদি সরকার আগ্রহী। একই সঙ্গে সৌদি আরবের উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন তিনি।

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার ভিত্তিতে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক গড়ে উঠেছে। বর্তমান সরকার সৌদি আরবের সঙ্গে কৌশলগত, বহুমাত্রিক এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব প্রতিষ্ঠা করতে চায়।

জবাবে ওয়ালিদ এল-খেরেইজি জানান, প্রক্রিয়াজাত খাদ্য, সামুদ্রিক খাবার, ট্রপিক্যাল ফুড, কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী। আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে সৌদি প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল সুলাইমান বিন আবদুল আজিজ আল-ইয়াহইয়া, কনস্যুলার বিষয়ক উপমন্ত্রী ড. মোহাম্মদ আল-শাম্মারি, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী মুহান্নাদ বিন আহমেদ আল-ইসা এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন আবিয়াহসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সূত্রঃ বাসস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.