
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী ইমার্জিং দল
ডেস্ক রিপোর্টঃ
দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয় বরণ করেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৩৮ রানে হেরে ২-০ ব্যবধানে সিরিজ খোয়ায় বাংলাদেশ।
প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এরপর দ্বিতীয় ম্যাচে ৬৫ রানে হারের পর শেষ ম্যাচেও জয় পায়নি বাংলাদেশ।
পিটারমারিজবার্গে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ফে টুনিক্লিফের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪৩ দশমিক ২ ওভারে ২২৮ রানে অলআউট হয় স্বাগতিকরা। ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯৫ বলে ১১৬ রান করেন টুনিক্লিফ। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করে অপরাজিত থাকেন কেটলিন উইনগার্ড।
বাংলাদেশের বোলারদের মধ্যে দিশা বিশ্বাস ৪টি এবং হাবিবা ইসলাম ৩টি উইকেট নেন। এছাড়া সাবিকুন নাহার জেসমিন, জান্নাতুল ফেরদৌস ও আফিয়া আসিমা একটি করে উইকেট শিকার করেন।
২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫৬ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর তৃতীয় উইকেটে রুবিয়া হায়দার ও জান্নাতুল ফেরদৌস ৬৯ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান।
তবে দলীয় ১২৫ রানে রুবিয়া বিদায় নেওয়ার পর ব্যাটিং ধস নামে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৯ দশমিক ৩ ওভারে ১৯০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। শেষ ৮ উইকেট হারায় মাত্র ৬৫ রানের ব্যবধানে।
বাংলাদেশের হয়ে রুবিয়া ৪৫, জান্নাতুল ৩৫ এবং হাবিবা ২৫ রান করেন। দক্ষিণ আফ্রিকার তিন বোলার দুটি করে উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সূত্রঃ বাসস