সবার কথা বলে

কেপ ভার্দের বিশ্বকাপ কোচ এবার মরক্কোর ক্লাব বেরকানে

0 7

কেপ ভার্দের বিশ্বকাপ কোচ এবার মরক্কোর ক্লাব বেরকানে

ডেস্ক রিপোর্টঃ

বিশ্বকাপে ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেকে নকআউট পর্বে তুলে আলোচনায় আসা কোচ বাবিস্তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মরক্কোর ক্লাব আরএস বেরকানে। গতকাল এক বিবৃতিতে বাবিস্তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করে ক্লাবটি।

৫৬ বছর বয়সী এই কোচের প্রকৃত নাম পেদ্রো লেইতাও ব্রিতো। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কেপ ভার্দের দায়িত্বে ছিলেন তিনি। তার অধীনেই ‘ব্লু শার্কস’ নামে পরিচিত দলটি শেষ ৩২-এ জায়গা করে নেয়।

গ্রুপ পর্বে শক্তিশালী স্পেন ও উরুগুয়ের সঙ্গে ড্র করে চমক দেখায় কেপ ভার্দে। পরে নকআউট পর্বে আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ের লড়াইয়ে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় দলটি।

বেরকানে জানিয়েছে, কেপ ভার্দে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে বাবিস্তার সফল অভিজ্ঞতা ও অর্জন তাকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ক্লাবটিতে তিনি মুইন শাবানির স্থলাভিষিক্ত হয়েছেন। শাবানি সম্প্রতি তিউনিসিয়া জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করায় বেরকানের পদটি শূন্য হয়।

তবে ক্লাব ফুটবলের নতুন দায়িত্বের পাশাপাশি বাবিস্তা কেপ ভার্দে জাতীয় দলের কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন কি না, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি দেশটির ফুটবল ফেডারেশন।

গত মৌসুমে মরক্কোর শীর্ষ ফুটবল লিগে রানার্সআপ হয়েছিল আরএস বেরকানে। পাশাপাশি সিএএফ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও জায়গা করে নিয়েছিল দলটি।

সূত্রঃ বাসস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.