
শিক্ষাপ্রতিষ্ঠান দখল ও আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে: নাহিদ ইসলাম
ডেস্ক রিপোর্টঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও প্রভাব বিস্তার, ক্যাম্পাস নিয়ন্ত্রণ এবং হল দখলের চেষ্টা শুরু হয়েছে। তাঁর দাবি, শিক্ষাঙ্গনকে পুনরায় সন্ত্রাসের নিরাপদ আশ্রয়ে পরিণত করার চেষ্টা করা হচ্ছে।
মঙ্গলবার (৪ আগস্ট) জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ‘ফ্রম রেজিস্ট্যান্স টু ভিক্টরি: লেগ্যাসি অব জুলাই’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে।
নাহিদ ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ প্রতিনিধি ও ছাত্রশক্তির নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। এ জন্য ছাত্রদল ও তাদের সহযোগীদের দায়ী করে হবিগঞ্জে ছাত্রশক্তির নেতা আলিফের ওপর হামলার অভিযোগও তোলেন তিনি।
সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘাতে না জড়ানো উচিত। শিক্ষার্থীদের নির্বিঘ্নে পড়াশোনার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক চর্চা বজায় রাখা এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরির আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সরকার যদি ক্ষমতার দাপটে সবকিছু নিয়ন্ত্রণ ও দখলের চেষ্টা করে, তাহলে তার পরিণতি ভালো হবে না। অতীতেও এমন মানসিকতার ফল কী হয়েছে, তা দেশের মানুষ দেখেছে।
জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানে তাদের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর ভাষ্য, আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বড় ভূমিকা রেখেছিলেন, যা তৎকালীন সরকারও ধারণা করতে পারেনি।
তিনি বলেন, ১৭ জুলাইয়ের দমন-পীড়নের পর অনেকেই মনে করেছিলেন আন্দোলন আর এগিয়ে নেওয়ার মতো কেউ নেই। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হয়ে নতুন গতি তৈরি করেন। তাঁদের আত্মত্যাগ ও ভূমিকা যথাযথভাবে স্বীকৃতি দেওয়া এবং তা নথিভুক্ত করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ না নেওয়ায় তিনি হতাশ। জুলাই গণঅভ্যুত্থানে তাঁদের ভূমিকা সংরক্ষণ ও স্বীকৃতির জন্য সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলে মত দেন তিনি।
অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতারা বক্তব্য দেন।
সূত্রঃ যুগান্তর