
বোয়েসেলের মাধ্যমে বিদেশে কর্মী পাঠানোর নতুন রেকর্ড
ডেস্ক রিপোর্টঃ
বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) রেকর্ডসংখ্যক ১৯ হাজার ১৯৭ বাংলাদেশি কর্মীকে বিদেশে পাঠিয়েছে। প্রতিষ্ঠানটির ইতিহাসে এক অর্থবছরে এটাই সর্বোচ্চ কর্মী প্রেরণ। আগের অর্থবছরের তুলনায় এ সংখ্যা ৩ হাজার ১৩১ জন বা ১৯ দশমিক ৫ শতাংশ বেশি।
বোয়েসেল কর্মকর্তারা বাসসকে জানান, ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটির মাধ্যমে ১৬ হাজার ৬৬ জন বাংলাদেশি বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছিলেন। এক বছরের ব্যবধানে সেই সংখ্যা বেড়ে ১৯ হাজার ১৯৭ জনে দাঁড়িয়েছে।
সবচেয়ে বেশি কর্মী গেছেন জর্ডানে
২০২৫-২৬ অর্থবছরে বোয়েসেলের মাধ্যমে সবচেয়ে বেশি কর্মী পাঠানো হয়েছে জর্ডানে। দেশটিতে গেছেন ১৪ হাজার ৫৪৩ জন। এ ছাড়া ব্রুনাইয়ে ১ হাজার ৮১২, দক্ষিণ কোরিয়ায় ১ হাজার ৪০৪, মালয়েশিয়ায় ১ হাজার ৭, রাশিয়ায় ৩৪২, ইরাকে ৬৪, জাপানে ১১, হংকংয়ে ৪, কুয়েতে ৫ এবং ফিজিতে ৫ জন কর্মী গেছেন।
১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বোয়েসেলের মাধ্যমে বিশ্বের প্রায় ৩৬টি দেশে মোট ১ লাখ ৯৫ হাজার ৪৩৮ বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে।
বর্তমানে জর্ডান, দক্ষিণ কোরিয়া, ইরাক, হংকং, কুয়েত, ব্রুনাই, রাশিয়া, ফিজি, জাপান ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠাচ্ছে সরকারি এ প্রতিষ্ঠান। পাশাপাশি নতুন শ্রমবাজার খোঁজা ও সম্প্রসারণের কাজও চলছে।
জি-টু-জি ব্যবস্থায় গুরুত্ব
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, আগের অর্থবছরের তুলনায় এবার বিদেশে কর্মী পাঠানোর হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিদেশি রাষ্ট্রগুলোর কাছে সরকারি প্রতিষ্ঠান হিসেবে বোয়েসেলের প্রতি আস্থা বাড়ার বিষয়টিকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
তার ভাষ্য, সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে কর্মী পাঠানো হয়। এ আস্থা ও সহযোগিতার সম্পর্ক অব্যাহত থাকলে ভবিষ্যতে বিদেশে জনশক্তি পাঠানোর ক্ষেত্রে বোয়েসেল আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারবে।
তিনি আরও বলেন, স্বচ্ছ নীতিমালার মাধ্যমে বৈদেশিক শ্রমবাজারকে সিন্ডিকেটের প্রভাবমুক্ত করে কম খরচে কর্মী পাঠানোর সুযোগ বাড়াতে হলে বোয়েসেলকে আরও কার্যকর করা জরুরি। দক্ষ কর্মী বিদেশে পাঠানোর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
চলতি অর্থবছরে লক্ষ্য ৪০ হাজার
বোয়েসেলের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মো. শওকত আলী জানান, চলতি অর্থবছরে ৪০ হাজার কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
এই লক্ষ্য অর্জন করা গেলে গত অর্থবছরের রেকর্ডের দ্বিগুণেরও বেশি কর্মী বিদেশে পাঠানোর নতুন নজির তৈরি হবে।
বোয়েসেলের মহাব্যবস্থাপক (বৈদেশিক নিয়োগ) নূর আহমেদ জানান, চলতি বছরের জুলাই মাসেই বোয়েসেলের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ১ হাজার ৪৩১ জন কর্মী পাঠানো হয়েছে।
নতুন শ্রমবাজার খোঁজার উদ্যোগ
বিদ্যমান শ্রমবাজার ধরে রাখার পাশাপাশি নতুন দেশেও কর্মসংস্থানের সুযোগ তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছেন বোয়েসেল কর্মকর্তারা। বন্ধ হয়ে যাওয়া বাজার পুনরায় চালু করা এবং সম্ভাবনাময় নতুন বাজার চিহ্নিত করে আলাদাভাবে পরিকল্পনা নেওয়া হচ্ছে।
এ ক্ষেত্রে দক্ষ জনশক্তির জন্য নতুন সুযোগ তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে মঙ্গোলিয়ায় নতুন শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
সূত্রঃ বাসস