সবার কথা বলে

এআই ডেটা সেন্টারের জন্য টেক্সাসে বিশাল গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে অ্যামাজনের বিনিয়োগ

0 1

এআই ডেটা সেন্টারের জন্য টেক্সাসে বিশাল গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে অ্যামাজনের বিনিয়োগ

ডেস্ক রিপোর্টঃ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কার্যক্রমের জন্য নতুন ডেটা সেন্টার চালু করতে যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি বড় গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন করছে অ্যামাজন। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে প্রযুক্তি জায়ান্টটি।

টেক্সাসের পেকোস কাউন্টিতে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রটি চালু হলে এটি যুক্তরাষ্ট্রে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের সবচেয়ে বড় একক উৎস হয়ে উঠতে পারে। এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে বিদ্যুতের চাহিদা বাড়ায় জাতীয় গ্রিডের ওপর নির্ভর না করে নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের দিকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ঝোঁক বাড়ছে। অ্যামাজনের উদ্যোগটিও সেই প্রবণতারই একটি উদাহরণ।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাজারবিষয়ক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ক্লিনভিউ প্রথম এ তথ্য প্রকাশ করে। স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটি অ্যামাজনের দাখিল করা তিনটি ডেটা সেন্টার নির্মাণের অনুমতির সঙ্গে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির সম্পর্ক শনাক্ত করে।

‘জি ডব্লিউ র‌্যাঞ্চ’ নামে পরিচিত প্রকল্পটি নির্মাণ করছে প্যাসিফিকো এনার্জি। আগের নথি অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্রটিতে ৩৫টি টারবাইন থাকবে এবং এর মোট উৎপাদন সক্ষমতা হবে ৭ দশমিক ৬৫ গিগাওয়াট। বর্তমানে যুক্তরাষ্ট্রে চালু থাকা যেকোনো গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের তুলনায় এটি বড় হবে।

প্রকল্পটি বছরে ৩ কোটি মেট্রিক টনের বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণের অনুমতি পেতে পারে। তবে কোনো স্থাপনা সাধারণত অনুমোদিত সর্বোচ্চ সীমা অনুযায়ী নিয়মিত নিঃসরণ করে না।

সাধারণ গ্রাহকের ওপর প্রভাব পড়বে না: অ্যামাজন

অ্যামাজনের দাবি, নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের কারণে সাধারণ মার্কিন গ্রাহকদের বিদ্যুৎ খরচের ওপর বাড়তি চাপ পড়বে না। এআই অবকাঠামোর সম্প্রসারণে বিদ্যুৎ কোম্পানিগুলোর নতুন বিনিয়োগের খরচ গ্রাহকদের ওপর চাপানোর কারণে ইতোমধ্যে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল বাড়ার বিষয়টি আলোচনায় এসেছে।

অ্যামাজনের এক মুখপাত্র বলেন, কোম্পানিটি নিজেদের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় বিদ্যুতের পুরো ব্যয় বহন করতে প্রতিশ্রুতিবদ্ধ। পেকোস কাউন্টিতে পরিকল্পিত ডেটা সেন্টার ক্যাম্পাসটি প্রাথমিকভাবে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে। ফলে টেক্সাসের সাধারণ পরিবারের বিদ্যুৎ খরচ বাড়বে না বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

তবে বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযোগের প্রক্রিয়া শেষ হলে উপযুক্ত সময় ও পরিস্থিতিতে ডেটা সেন্টারটি জাতীয় গ্রিডভিত্তিক বিদ্যুৎ ব্যবস্থায় যুক্ত হতে পারে।

এ ছাড়া প্রকল্প এলাকায় সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা স্থাপনের সম্ভাবনাও যাচাই করছে অ্যামাজন। পানযোগ্য নয় এমন লবণাক্ত ভূগর্ভস্থ পানি ব্যবহারের পরিকল্পনাও রয়েছে, যাতে স্থানীয় পানির উৎসের ওপর অতিরিক্ত চাপ না পড়ে।

অন্য বড় বিদ্যুৎ প্রকল্পও এগোচ্ছে

এদিকে ওহাইওতে ৯ দশমিক ২ গিগাওয়াট সক্ষমতার আরও একটি বড় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। সফটব্যাংকের অংশীদারত্বে সরকারি-বেসরকারি উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়িত হবে। কেন্দ্রটি জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি একটি ডেটা সেন্টারেও বিদ্যুৎ সরবরাহ করবে।

অ্যামাজন জানিয়েছে, টেক্সাসে এরই মধ্যে প্রায় ১০ গিগাওয়াট সম্মিলিত সক্ষমতার ৪০টি কার্বনমুক্ত জ্বালানি প্রকল্প বাস্তবায়ন করেছে তারা।

একই সঙ্গে ‘দ্য ক্লাইমেট প্লেজ’-এর আওতায় ২০৪০ সালের মধ্যে নিট-শূন্য কার্বন নিঃসরণে পৌঁছানোর প্রতিশ্রুতিও বহাল রেখেছে অ্যামাজন। তবে এআই ডেটা সেন্টারের জন্য গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের নতুন প্রকল্প নিয়ে পরিবেশগত প্রভাব নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

সূত্রঃ বাসস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.