সবার কথা বলে

সৌদি-তুরস্ক-পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি, হামলা হলে একসঙ্গে জবাব

0 1

সৌদি-তুরস্ক-পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি, হামলা হলে একসঙ্গে জবাব

ডেস্ক রিপোর্টঃ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে। শুক্রবার স্বাক্ষরিত এ চুক্তির লক্ষ্য তিন দেশের পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা ও সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা বাড়ানো।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এবং ইয়েমেনে হুথিদের তৎপরতার কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এর প্রভাব পড়েছে হরমুজ প্রণালি ও লোহিত সাগরের নৌপথেও। এমন পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায় সৌদি আরব।

সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত যৌথ বিবৃতিতে জানানো হয়, তিন দেশ ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে সই করেছে। এর আওতায় আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে দেশগুলো।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো—তিন দেশের কোনো একটি সদস্যের ওপর হামলা হলে সেটিকে তিন দেশের সবার বিরুদ্ধে হামলা হিসেবে বিবেচনা করা হবে। এর মাধ্যমে যৌথ প্রতিরোধ ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।

তবে চুক্তিটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয় বলে স্পষ্ট করেছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট দপ্তরের যোগাযোগ পরিচালক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা জানান।

তুরস্কের অপতথ্যবিরোধী সংস্থাও জানিয়েছে, নতুন চুক্তির সঙ্গে ন্যাটোর সদস্য হিসেবে তুরস্কের বিদ্যমান আন্তর্জাতিক অঙ্গীকারগুলোর কোনো বিরোধ নেই।

সৌদি আরবও চুক্তিটির উদ্দেশ্য নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে। রিয়াদের পক্ষ থেকে বলা হয়েছে, এটি কোনো সামরিক জোট বা সাম্প্রদায়িক বলয় তৈরির উদ্যোগ নয়।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিষয়ক উপমন্ত্রী রায়েদ ক্রিমলি বলেন, চুক্তিটির সঙ্গে কোনো পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা বা অস্ত্র প্রতিযোগিতার সম্পর্ক নেই। বরং দীর্ঘমেয়াদি ও টেকসই প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলাই এর মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, এই চুক্তি মধ্যপ্রাচ্যের কোনো দেশের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে না।

সূত্রঃ বাসস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.