
জুলাই শহীদ ও আহতদের পরিবারের ১০ সদস্যকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্টঃ
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৮ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি নিজ হাতে নিয়োগপত্রগুলো হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেন।
নিয়োগপত্র পাওয়া ব্যক্তিদের মধ্যে শহীদ মো. সোহাগ, মো. শাহরিয়ার, মো. আব্দুল্লাহ কবির, মো. মোস্তফা কামাল রাজু, মো. জুয়েল, মিরাজ, আহসান কবির ও ওমর নুরুল আবছারের পরিবারের সদস্যরা রয়েছেন। এ ছাড়া গুরুতর আহত মো. আব্দুল মতিন ও মো. জুলফিকার আলমের স্ত্রীও নিয়োগপত্র পেয়েছেন।
নিয়োগপত্র দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই আন্দোলন পর্যন্ত দেশের বিভিন্ন সময়ে মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করেন তারেক রহমান। তিনি বলেন, এসব আত্মত্যাগের মূল উদ্দেশ্য ছিল এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে মানুষ আরও ভালোভাবে বসবাস করতে পারবে।
প্রধানমন্ত্রী বলেন, যারা প্রাণ হারিয়েছেন কিংবা আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রত্যেকের আত্মত্যাগের পেছনে দেশকে আরও ভালো করার আকাঙ্ক্ষা ছিল। রাষ্ট্র ও সরকারের নানা সীমাবদ্ধতা থাকলেও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, দেশের কাছ থেকে কী পাওয়া গেল, সেটি বড় বিষয় নয়; বরং দেশকে কী দেওয়া সম্ভব হলো, সেটিই গুরুত্বপূর্ণ। এই লক্ষ্য নিয়ে ধীরে ধীরে এগোতে পারলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে সম্প্রতি চাকরিতে যোগ দেওয়া শহীদ আব্দুল্লাহ বীন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা এবং আহত জুলাই যোদ্ধা সোহেলি তামান্নাও উপস্থিত ছিলেন। নিয়োগপত্র পাওয়া শহীদ পরিবারের সদস্য ও আহতদের স্বজনেরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
সূত্রঃ বাসস