সবার কথা বলে

৮০-এর দশকে ফিরে যাওয়ার শঙ্কা, সরকারকে নাহিদ ইসলামের সতর্কবার্তা

0 0

৮০-এর দশকে ফিরে যাওয়ার শঙ্কা, সরকারকে নাহিদ ইসলামের সতর্কবার্তা

ডেস্ক রিপোর্টঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে ৮০-এর দশককে ঘিরে একটি ট্রেন্ড চলছে। সরকারের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, তারাও যেন সেই সময়ের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করছে। বিশেষ করে গ্যাস ও বিদ্যুৎ খাতে পিছিয়ে যাওয়ার প্রবণতার কারণে এমন আশঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কীর্তনখোলা অডিটোরিয়ামে ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম। জাতীয় ছাত্রশক্তির ববি শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, সরকার ইতিবাচকভাবে সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাক—এটাই প্রত্যাশা। পুরো বিশ্ব যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে, তখন বাংলাদেশ কোনোভাবেই যেন পিছিয়ে না পড়ে, সেটিই সবার কাম্য।

সরকারি চাকরির ভাইভা পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রস্তাবেরও সমালোচনা করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, সরকারি চাকরির ভাইভায় ৪০০ শতাংশ নম্বর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে বলেছিলেন, ভাইভার নম্বর দলীয় নিয়োগের সুযোগ তৈরি করে। সাধারণ সরকারি চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর ২০০ এবং বিসিএসে ৫০ করার প্রস্তাব থাকা উচিত। কিন্তু সরকার দায়িত্ব নেওয়ার পর এখন উল্টো পথে হাঁটছে।

তিনি সতর্ক করে বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। কোটা ইস্যুর কারণে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন, আর ভাইভা ইস্যুতে এমন সিদ্ধান্ত কোথায় নিয়ে যাবে, তা সরকারও বুঝতে পারবে না। তাই রাজনৈতিক বিবেচনায় হঠাৎ করে কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান তিনি। কোনো প্রস্তাবের পক্ষে যৌক্তিক কারণ থাকলে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংস্কার করার পরামর্শ দেন নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি বলেন, যৌক্তিক সংস্কার হলে এনসিপিও তা সমর্থন করবে।

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই অভ্যুত্থানের পর এরই মধ্যে দুই বছর পার হয়েছে। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের পর দেশে নির্বাচিত সরকার এসেছে। নির্বাচিত সরকারের অনেক প্রতিশ্রুতি রয়েছে। সেই প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়ন করা হয়েছে, তা জনগণকেই মূল্যায়ন করতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, দলের সদস্য ও সংরক্ষিত নারী আসনের এমপি ডা. মাহমুদা আলম মিতু এবং বরিশাল জেলা সমন্বয়কারী আবু সাঈদ মুসা।

ববি শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মোহাম্মদ বেলালের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব এসএম ওয়াহেদুর রহমান। অনুষ্ঠান শেষে ‘৩৬ জুলাই’ শীর্ষক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নাহিদ ইসলাম।

সূত্রঃ যুগান্তর 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.