
১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার নতুন উদ্যোগ ফ্রান্সের
ডেস্ক রিপোর্টঃ
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে নতুন করে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে ফ্রান্স সরকার। দেশটির আগের প্রস্তাব সাংবিধানিক পরিষদ বাতিল করার পর সোমবার নতুন এই উদ্যোগের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।
গত আগস্টের মাঝামাঝি ফ্রান্সের সাংবিধানিক পরিষদ আগের আইনটি বাতিল করে। পরিষদের মতে, ওই আইনের একটি ধারা সংশ্লিষ্ট ব্যক্তিদের মতপ্রকাশের স্বাধীনতার ওপর প্রয়োজনের তুলনায় বেশি হস্তক্ষেপ করেছিল।
প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাখোঁ বলেন, দীর্ঘ কৌশলগত কাজের পর সরকার নতুন খসড়া আইনটি ইউরোপীয় কমিশনের কাছে অবহিত করছে।
ইউরোপীয় কমিশনকে এভাবে অবহিত করা আইন প্রণয়নের গুরুত্বপূর্ণ একটি ধাপ। এর মাধ্যমে প্রস্তাবিত আইনটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাই করা হবে।
শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা প্রেসিডেন্ট মাখোঁর অন্যতম প্রধান অগ্রাধিকার। আগামী বছর তার বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি এই নিষেধাজ্ঞা কার্যকর করতে চান। একই সঙ্গে পুরো ইউরোপীয় ইউনিয়নজুড়ে একই ধরনের ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন চলতি সপ্তাহে ব্রাসেলসে দেওয়া এক ভাষণে ইউরোপজুড়ে শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার সম্ভাবনা নিয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম শিশু ও কিশোর-কিশোরীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে—এমন উদ্বেগ বাড়তে থাকায় বিশ্বের বিভিন্ন দেশও অপ্রাপ্তবয়স্কদের এসব প্ল্যাটফর্ম ব্যবহারে সীমাবদ্ধতা আরোপের উদ্যোগ নিচ্ছে।
সূত্রঃ বাসস