
নড়িয়ায় আনোয়ার ভূঁইয়া হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন।
আব্দুল জব্বার – সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়ায় আনোয়ার ভূঁইয়া হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নড়িয়া সরকারি কলেজ গেটের সামনে নড়িয়া-শরীয়তপুর সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভকারীরা নড়িয়া থানার গেট অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে নিহত আনোয়ার ভূঁইয়ার স্বজন, স্থানীয় এলাকাবাসীসহ কয়েক শত নারী-পুরুষ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা আনোয়ার ভূঁইয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়নে পূর্ববিরোধ ও কবরস্থানের জায়গা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আনোয়ার ভূঁইয়া নিহত হন এবং আরও দুইজন আহত হন।
এ ঘটনায় মামলা দায়েরের পর নড়িয়া থানা পুলিশ একজনকে আটক করেছে বলে জানা গেছে। তবে নিহতের স্বজন ও স্থানীয়দের দাবি, ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।