
মোমিন বাগে বাসের সাঁকো নির্মাণ, ৫০০ পরিবারের যাতায়াতে নতুন দিগন্ত।
কনা আক্তার – সংবাদের পাতা:
কেরানীগঞ্জের মোমিন বাগ এলাকায় দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে। করিমখালি খালের উপর নির্মাণ করা হয়েছে একটি বাসের সাঁকো, যা স্থানীয় প্রায় ৫০০ পরিবারের যাতায়াতকে করেছে সহজ ও নিরাপদ। মানবাধিকার কর্মী সাইফুল ইসলাম বাদলের উদ্যোগে নির্মিত এই সাঁকো ইতোমধ্যেই এলাকায় প্রশংসা কুড়াচ্ছে।
কেরানীগঞ্জ মডেল উপজেলার শাকতা ইউনিয়নের মোমিন বাগ এলাকায় হাউজিং প্রকল্পের পাশে প্রায় ৫০০ পরিবারের বসবাস। কিন্তু দীর্ঘদিন ধরে সরকারি কোনো রাস্তা না থাকায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছিলেন এলাকাবাসী।
বুড়িগঙ্গা নদীর সাথে সংযুক্ত করিমখালি খাল এলাকাটিকে প্রায় বিচ্ছিন্ন করে রেখেছিল। রাস্তা না থাকায় স্কুল-কলেজ, বাজার কিংবা জরুরি প্রয়োজনে যাতায়াতে ভোগান্তির শেষ ছিল না।
এই দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন মানবাধিকার কর্মী সাইফুল ইসলাম বাদল। স্থানীয়দের সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই নির্মাণ করেন বাসের সাঁকো। এতে এখন সহজেই প্রধান সড়কে যাতায়াত করতে পারছেন এলাকাবাসী।
শুধু একটি সাঁকো নয়, এটি হয়ে উঠেছে নিরাপত্তা, স্বস্তি এবং সম্ভাবনার নতুন পথ। এলাকাবাসীর জীবনে এসেছে ইতিবাচক পরিবর্তন।
এ মহতী উদ্যোগে সহযোগিতা করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশনের নেতৃবৃন্দসহ এলাকার সচেতন নাগরিকরা।
মোমিন বাগের এই উদ্যোগ প্রমাণ করে, সম্মিলিত প্রচেষ্টায় বদলে যেতে পারে একটি এলাকার চিত্র। এমন মানবিক উদ্যোগ সমাজে ছড়িয়ে পড়ুক—এই প্রত্যাশা সবার।