
ডেঙ্গু প্রতিরোধে পাঁচ কার্যদিবসের মধ্যে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ জেলা প্রশাসকের
ডেস্ক রিপোর্টঃ
ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতির অংশ হিসেবে ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর পদক্ষেপ নিতে বুধবার জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন শিক্ষার পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে মনিটরিং কমিটি হিসেবে ‘ক্লিন স্কুল টিম’ গঠন করতে হবে। একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয়ে গুরুত্ব দিতে হবে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, ভবন, ছাদ, বারান্দা, ড্রেন, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, খোলা জায়গা এবং যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেগুলো নিয়মিত পরিদর্শন ও পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রচারমূলক কার্যক্রম পরিচালনা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে উৎসাহ দিতে পুরস্কারের ব্যবস্থাও রাখতে বলা হয়েছে।
আদেশ অনুযায়ী, প্রতিটি ‘ক্লিন স্কুল টিম’-এর সভাপতি হবেন প্রতিষ্ঠানপ্রধান। কমিটিতে একজন অভিভাবক প্রতিনিধি, সংশ্লিষ্ট ওয়ার্ডের স্যানিটারি পরিদর্শক অথবা উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদের একজন প্রতিনিধি, দুইজন শিক্ষার্থী এবং সদস্যসচিব হিসেবে একজন শিক্ষক দায়িত্ব পালন করবেন।
জেলা প্রশাসন জানিয়েছে, নির্দেশনা পাওয়ার পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠন করে কার্যক্রম শুরু করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশও দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতাই সবচেয়ে কার্যকর অস্ত্র। সে লক্ষ্যেই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য বিষয়ে দায়িত্বশীল হিসেবে গড়ে তোলা প্রয়োজন। বিদ্যালয়ের পাশাপাশি নিজেদের বাড়ি ও আশপাশও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে তাদের উৎসাহিত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, ছাদ, বারান্দা, ড্রেন, ফুলের টব, পরিত্যক্ত পাত্র এবং পানি জমতে পারে এমন প্রতিটি স্থান নিয়মিত পরিষ্কার ও পর্যবেক্ষণে রাখতে হবে, যাতে কোনোভাবেই এডিস মশার প্রজননের সুযোগ সৃষ্টি না হয়।
জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ শুধু স্বাস্থ্য বিভাগের একক দায়িত্ব নয়; এটি সম্মিলিত সামাজিক উদ্যোগের বিষয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমেই এ চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব। তার ভাষায়, ‘ক্লিন স্কুল টিম’ কেবল একটি কমিটি নয়, বরং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শিক্ষা পরিবেশ গড়ে তোলার একটি ধারাবাহিক উদ্যোগ।
সূএঃ বাসস