সবার কথা বলে

নারিকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০টি করে বৃক্ষরোপণের শপথ নিল শিক্ষার্থীরা

0 5

নারিকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০টি করে বৃক্ষরোপণের শপথ নিল শিক্ষার্থীরা।

এমদাদুল হক, জামালপুর প্রতিনিধি:

পরিবেশ সুরক্ষা, প্রাণ-প্রকৃতি রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে জামালপুরের নারিকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) মিশন গ্রিন বাংলাদেশ ও সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)-এর যৌথ উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব এবং সবুজ পৃথিবী গঠনে শিশুদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ হিসেবে উপস্থিত প্রতিটি শিক্ষার্থী নিজ নিজ উদ্যোগে অন্তত ১০টি করে গাছ লাগানো এবং সেগুলোর নিয়মিত পরিচর্যা করার শপথ গ্রহণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারিকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা পারভীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)-এর প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ এনামুল হক বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। পৃথিবীকে বাসযোগ্য রাখতে হলে প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে হবে। প্রতিটি শিশুর ১০টি করে গাছ লাগানোর এই শপথ ভবিষ্যতে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক রেহানা পারভীন মিশন গ্রিন বাংলাদেশ ও এসপিকে-কে এ সময়োপযোগী উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, “এ ধরনের বাস্তবমুখী উদ্যোগ শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করবে।”

সেমিনারে মিশন গ্রিন বাংলাদেশ ও এসপিকে-এর কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব সচেতনতামূলক বার্তা প্রদান করা হয় এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.