
বিএনপি নেতা নরিয়ার প্রকৌশলীকে লাঞ্ছিত ও হুমকির প্রতিবাদে মানববন্ধন।
জাহাঙ্গীর ছৈয়াল – সংবাদের পাতা:
শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলামকে অফিসে ঢুকে মারধর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে বৃহস্পতিবার ৯জুলাই উপজেলা চত্বরে বিকেলে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। ‘নিরাপদ কর্ম-পরিবেশ চাই’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্ত নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, এর আগে গত ২ জুন এলজিইডি নড়িয়া কার্যালয়ে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওইদিন দুপুর ২টার দিকে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর কার্যালয়ে প্রবেশ করে উপজেলা প্রকৌশলীর খোঁজ করেন। প্রকৌশলীকে না পেয়ে তিনি দায়িত্বরত কর্মকর্তাদের ওপর ক্ষিপ্ত হয়ে অশালীন মন্তব্য শুরু করেন।
উপ-সহকারী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম এর প্রতিবাদ জানালে অভিযুক্ত সাগর তাকে চড়-থাপ্পড় মারেন এবং শার্টের কলার ধরেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মারধরের সময় সাগর হুমকি দিয়ে বলেন, “উপজেলা ইঞ্জিনিয়ার মেহেদী ও উপ-সহকারী প্রকৌশলী মাসুদ রুমিকে মারার জন্য এসেছিলাম। তাদের না পেয়ে তোকেই নমুনা দেখিয়ে গেলাম।” এ সময় অফিস সহায়ক মো. সজিব হোসেন ও অফিস সহকারী মো. সামসুদ্দিন তাকে নিবৃত্ত করে অফিস থেকে বের করে দেন। যাওয়ার সময় অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী কর্মকর্তাকে আইনি ব্যবস্থা না নেওয়ার জন্য প্রাণনাশের হুমকিও প্রদান করেন।
এই ঘটনার পর থেকে এলজিইডি নড়িয়া কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় ভোগা ভুক্তভোগী কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম বুধবার (৮ জুলাই) এ ঘটনায় নড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৩৭৯) করেছেন।
এ বিষয়ে নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার মিয়া জানান, তারা অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।