সবার কথা বলে

হারের পরও ফ্রান্সকে শিরোপার দাবিদার বললেন মরক্কো কোচ

0 6

হারের পরও ফ্রান্সকে শিরোপার দাবিদার বললেন মরক্কো কোচ

ডেস্ক রিপোর্টঃ

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে মরক্কো। তবে ম্যাচ শেষে হতাশার পরিবর্তে ইতিবাচক মনোভাবই প্রকাশ করেছেন দলের প্রধান কোচ ওয়াহাবি। তিনি বলেন, বিশ্বের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে খেলেও তার শিষ্যরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছে।

কাতার বিশ্বকাপের সেমিফাইনালের পর এবারও ফ্রান্সের বাধা টপকাতে পারেনি মরক্কো। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ওয়াহাবি বলেন, ফ্রান্সের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এমন ফল মেনে নেওয়া কঠিন হলেও অস্বাভাবিক নয়। জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলেন তারা, কিন্তু প্রতিপক্ষের মানের কারণে সেটা সম্ভব হয়নি।

পুরো টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা মরক্কো এদিন নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। আক্রমণে সুযোগ তৈরি করতে ব্যর্থ হওয়ায় বেশিরভাগ সময়ই ফরাসি আক্রমণ সামলাতে হয়েছে তাদের। কোচের মতে, ফ্রান্সের গভীর স্কোয়াড ও খেলোয়াড়দের মানই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।

তবে এই হারকে ভবিষ্যতের জন্য ইতিবাচক শিক্ষা হিসেবে দেখছেন ওয়াহাবি। তার মতে, টানা দুই বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স এবারও শিরোপার অন্যতম দাবিদার। মরক্কোর ফুটবলও ধারাবাহিকভাবে এগোচ্ছে এবং ভবিষ্যতে নিজেদের মাটিতে বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে আরও উন্নতির সুযোগ রয়েছে।

বিশ্বকাপে ব্রাজিলের মতো শক্তিশালী দলকে রুখে দিয়ে যাত্রা শুরু করা মরক্কোর অভিযান শেষ হয়েছে ফ্রান্সের বিপক্ষে। পুরো টুর্নামেন্টের মূল্যায়নে ওয়াহাবি বলেন, দলটি ধাপে ধাপে উন্নতি করেছে এবং প্রতিটি ম্যাচেই জয়ের লক্ষ্য নিয়ে খেলেছে। পাশাপাশি কার্লো আনচেলত্তি ও দিদিয়ের দেশমের মতো অভিজ্ঞ কোচদের বিপক্ষে ডাগআউটে দাঁড়ানোর অভিজ্ঞতাকে নিজের কোচিং ক্যারিয়ারের জন্য বড় শিক্ষা বলেও উল্লেখ করেন তিনি।

সূএঃ যুগান্তর 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.