সবার কথা বলে

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথমবার অনুষ্ঠিত হলো জাপানি ভাষার আন্তর্জাতিক ন্যাট-টেস্ট

0 5

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথমবার অনুষ্ঠিত হলো জাপানি ভাষার আন্তর্জাতিক ন্যাট-টেস্ট

ডেস্ক রিপোর্টঃ

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাপানি ভাষার দক্ষতা যাচাইয়ের আন্তর্জাতিক পরীক্ষা ন্যাট-টেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ‘অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’-এর তত্ত্বাবধানে সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষাটি সম্পন্ন হয়।

এ পরীক্ষায় খুলনাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জাপানি ভাষা শিক্ষার্থী, জাপানে উচ্চশিক্ষায় আগ্রহী এবং কর্মসংস্থানের প্রত্যাশী অনেক পরীক্ষার্থী অংশ নেন।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ন্যাট-টেস্ট আয়োজনের ফলে জাপানি ভাষা শিক্ষা, আন্তর্জাতিক উচ্চশিক্ষা, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং জাপানে কর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ কার্যক্রমও নতুন গতি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, ন্যাট-টেস্ট পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘শেনমুন কুজিকিউ পাবলিশিং’-এর প্রেসিডেন্ট কামাতা সাতোশি, ‘অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’-এর পরিচালক ও ন্যাট-টেস্ট সাইট ডিরেক্টর অধ্যাপক ড. মো. আশিক উর রহমান, টেস্ট সাইট কো-অর্ডিনেটর এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।

ন্যাট-টেস্ট জাপানি ভাষার দক্ষতা মূল্যায়নের একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরীক্ষা। জাপানে উচ্চশিক্ষা, বৃত্তি, প্রশিক্ষণ এবং চাকরির ক্ষেত্রে এই পরীক্ষার ফলাফল গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। জাপানে দক্ষ জনশক্তির চাহিদা বাড়ায় বাংলাদেশ থেকেও এ পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহ বৃদ্ধি পেয়েছে।

এতদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরীক্ষার্থীদের ন্যাট-টেস্ট দিতে ঢাকায় যেতে হতো, ফলে সময় ও অর্থ দুটিই বেশি ব্যয় হতো। তবে খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাকেন্দ্র চালু হওয়ায় সেই ভোগান্তির অবসান হয়েছে।

বিশ্ববিদ্যালয়টি এখন ঢাকার বাইরে প্রথম অফিসিয়াল ন্যাট-টেস্ট সাইট হিসেবে নতুন মাইলফলক স্থাপন করেছে। এর ফলে দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকার আগ্রহীরা নিজ অঞ্চলে বসেই আন্তর্জাতিক মানের এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

সূএঃ বাসস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.