সবার কথা বলে

আর্জেন্টিনার কিংবদন্তি অধিনায়ক আন্তোনিও রাট্টিন আর নেই

0 6

আর্জেন্টিনার কিংবদন্তি অধিনায়ক আন্তোনিও রাট্টিন আর নেই

ডেস্ক রিপোর্টঃ

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি মিডফিল্ডার আন্তোনিও উবালদো রাট্টিন আর নেই। ৮৯ বছর বয়সে শনিবার (১১ জুলাই) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রাট্টিনের মৃত্যুতে শোক জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে সংস্থাটি আর্জেন্টাইন ফুটবলে তার অসামান্য অবদানের কথা স্মরণ করে গভীর সমবেদনা প্রকাশ করেছে।

ক্লাব ক্যারিয়ারের পুরোটা সময়ই আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্স-এর হয়ে খেলেছেন রাট্টিন। ১৯ বছর বয়সে সিনিয়র দলে অভিষেকের পর টানা দেড় দশক ক্লাবটির হয়ে মাঠ মাতান তিনি। বোকার জার্সিতে ৩৮২টি ম্যাচে প্রতিবারই শুরুর একাদশে ছিলেন। তার নেতৃত্বে ক্লাবটি তিনটি লিগ শিরোপা (১৯৬২, ১৯৬৪ ও ১৯৬৫) এবং ১৯৬৯ সালে কোপা আর্জেন্টিনা জেতে।

১৯৫৯ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেন রাট্টিন। এ সময়ে দুটি বিশ্বকাপ (১৯৬২ ও ১৯৬৬) এবং কোপা আমেরিকায় খেলেন তিনি। জাতীয় দলের হয়ে ২১ ম্যাচে একটি গোলও করেন এই রক্ষণাত্মক মিডফিল্ডার।

তবে ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ঘটে যাওয়া এক বিতর্কিত ঘটনাই তাকে ফুটবল ইতিহাসে আলাদা পরিচিতি এনে দেয়। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে জার্মান রেফারি রুডলফ ক্রাইটলাইন তাকে মাঠ ছাড়ার নির্দেশ দিলে তিনি সিদ্ধান্তের প্রতিবাদ জানান। প্রায় ১০ মিনিট মাঠে অবস্থান করার পর বেরিয়ে যাওয়ার সময় কর্নার ফ্ল্যাগে থাকা ব্রিটিশ পতাকা চেপে ধরা এবং ভিআইপি লাল কার্পেটে বসে পড়ার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পরবর্তীতে এমন বিতর্ক এড়াতে ১৯৭০ সালের বিশ্বকাপ থেকে ফুটবলে লাল ও হলুদ কার্ড চালু করা হয়।

‘এল রাতা’ ডাকনামে পরিচিত রাট্টিন তার নেতৃত্ব, কঠোর মানসিকতা ও দুর্দান্ত রক্ষণাত্মক নৈপুণ্যের জন্য আর্জেন্টাইন ফুটবলের অন্যতম স্মরণীয় ব্যক্তিত্ব হয়ে থাকবেন।

সূএঃ যুগান্তর 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.