
শরীয়তপুর সদর হাসপাতালে ভুয়া নার্স আটক, নবজাতক চুরির অভিযোগ।
ডেস্ক রিপোর্টঃ
শরীয়তপুর সদর হাসপাতালে এক নবজাতককে চুরির অভিযোগে ভুয়া পরিচয়ে হাসপাতালে প্রবেশ করা এক নারীকে আটক করা হয়েছে। প্রসূতির পরিবারের সন্দেহ এবং দায়িত্বরত আনসার সদস্যদের দ্রুত পদক্ষেপে বুধবার (১৫ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
হাসপাতালের পুরোনো ভবনের একটি কেবিনে চিকিৎসাধীন এক প্রসূতির কাছে সাদা অ্যাপ্রন পরে প্রবেশ করেন শারমিন বেগম (২৬) নামে এক নারী। নিজেকে নার্স পরিচয় দিয়ে তিনি মা ও নবজাতক ছাড়া অন্য সবাইকে কক্ষের বাইরে যেতে বলেন। এতে প্রসূতির স্বামী মিন্টু চৌকিদারের সন্দেহ হলে তিনি ওই নারীর পরিচয় জানতে চান। নিজেকে সদ্য নিয়োগ পাওয়া নার্স দাবি করলেও তার কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে।
খবর পেয়ে দায়িত্বে থাকা আনসার সদস্য মো. কাওসার, মো. আজিজুল হক ও পিসি মো. মুসলিম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করেন। পরে হাসপাতালের কর্মরত একজন নার্স নিশ্চিত করেন, শারমিন নামে কোনো নার্স সেখানে কর্মরত নন।
পরিবারের অভিযোগ, নবজাতককে চুরি করার উদ্দেশ্যেই তিনি ভুয়া নার্স সেজে কেবিনে ঢুকেছিলেন এবং পরিবারের সদস্যদের বাইরে পাঠানোর চেষ্টা করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে আটক নারীকে পালং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, সরকারি হাসপাতালগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। শরীয়তপুরের এ ঘটনায় দায়িত্বে থাকা আনসার সদস্যদের সতর্কতায় একটি সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
সূএঃ নিউজ বাংলা