
ইসরাইলি নাগরিক শনাক্ত হলে মালয়েশিয়া থেকে বহিষ্কারের ঘোষণা আনোয়ারের
ডেস্ক রিপোর্টঃ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, দেশটিতে কোনো ইসরাইলি নাগরিকের অবস্থান নিশ্চিত হলে তাকে তাৎক্ষণিকভাবে মালয়েশিয়া ছাড়তে বাধ্য করা হবে।
বুধবার (১৫ জুলাই) দেওয়া এক বক্তব্যে তিনি জানান, দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যের একটি বেসরকারি আবাসিক কমিউনিটির সঙ্গে এক ইসরাইলি নাগরিকের সম্পৃক্ততার অভিযোগ তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে–এর তথ্য অনুযায়ী, আনোয়ার বলেন, অভিযোগের সত্যতা যাচাই করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, মালয়েশিয়া ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। তাই কোনো ইসরাইলি নাগরিককে শনাক্ত করা গেলে তাকে অবিলম্বে দেশ থেকে বের করে দেওয়া হবে।
ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকায় বিশেষ অনুমতি ছাড়া ইসরাইলি পাসপোর্টধারীদের মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ নেই।
এদিকে, জোহরভিত্তিক ‘নেটওয়ার্ক স্কুল’–সংশ্লিষ্ট অভিযোগের পর রাজ্য সরকার ফেডারেল কর্তৃপক্ষকে তদন্তের আহ্বান জানায়। এর পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করছে।
অন্যদিকে, একই দিনে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানায়, ফরেস্ট সিটি আন্তর্জাতিক কমিউনিটিতে পরিচালিত এক অভিযানে ২৬৬ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। যাচাইয়ে সবার কাছেই বৈধ অভিবাসন নথি পাওয়া গেছে।
সূএঃ যুগান্তর