
জটিল রোগে আক্রান্ত আনিফার পাশে প্রধানমন্ত্রী, চিকিৎসায় বিশেষ উদ্যোগ
ডেস্ক রিপোর্টঃ
জন্মগত জটিল রোগে আক্রান্ত দুই বছর বয়সী শিশু আনিফা আক্তারের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অসচ্ছল পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন সম্ভব না হওয়ায় বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে প্রধানমন্ত্রীর নজরে আসে।
এরপর শিশুটির চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি তার প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে আনিফার পরিবারের খোঁজখবর নেওয়া এবং চিকিৎসা সহায়তার বিষয়ে প্রয়োজনীয় সমন্বয়ের নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর কার্যালয়ের চিকিৎসক ও অর্থোপেডিক সার্জন ডা. শাহ মোহাম্মদ আমানুল্লাহ আমানের পরিকল্পনায় এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে যায়।
সেখানে প্রতিনিধি দলটি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে আনিফার চিকিৎসা-সংক্রান্ত বিষয় পর্যালোচনা এবং প্রয়োজনীয় সমন্বয়ের উদ্যোগ নেয়।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের শিশু কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. জাহিদুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড শিশুটির শারীরিক অবস্থা, চিকিৎসা নথি ও বিভিন্ন পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে। বোর্ডের মতে, আনিফার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল ও সংকটাপন্ন।
এ পরিস্থিতিতে চীন থেকে বাংলাদেশে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দলের সঙ্গে বিষয়টি আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশীয় ও চীনা বিশেষজ্ঞদের যৌথ মতামতের ভিত্তিতে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বিদেশেও পাঠানো হতে পারে।
এ সময় প্রতিনিধি দলের সদস্যরা আনিফার পরিবারের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন যে, প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর আন্তরিক সহমর্মিতা ও শুভকামনার বার্তাও পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।
সূত্রঃ বাসস