
বলিউড স্টার শিল্পা ও রাজ কুন্দ্রাকে নিয়ে মানহানিকর পোস্টে আদালতের নিষেধাজ্ঞা
ডেস্ক রিপোর্টঃ
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী, ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর কোনো পোস্ট বা ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের দিন্ডোশী আদালত। একই সঙ্গে ইতোমধ্যে প্রকাশিত এ ধরনের সব কনটেন্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরিয়ে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতা শমিতা যাদবের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা। অভিযোগে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শমিতা তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই দম্পতিকে নিয়ে একাধিক আপত্তিকর ও মানহানিকর পোস্ট প্রকাশ করেছেন।
মামলার শুনানিতে শিল্পা-রাজের পক্ষে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদন করেন তাদের আইনজীবী প্রদীপ গান্ধী। তিনি আদালতে দাবি করেন, শমিতার প্রকাশিত বিভিন্ন পোস্টে এই দম্পতিকে অপরাধী হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত এবং তাদের ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করেছে।
আবেদনটি গ্রহণ করে দিন্ডোশী আদালতের অতিরিক্ত বিচারক এস এম বুক্কে নির্দেশ দেন, শমিতা যাদব কিংবা তার প্রতিনিধি ও সহযোগীরা শিল্পা শেঠি এবং রাজ কুন্দ্রাকে নিয়ে কোনো মানহানিকর তথ্য, পোস্ট বা ভিডিও প্রকাশ বা প্রচার করতে পারবেন না।
এছাড়া আদালত নির্দেশ দিয়েছেন, শমিতার সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকে থাকা এ ধরনের সব কনটেন্টও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অপসারণ করতে হবে।
উল্লেখ্য, ২০২১ সালে পর্নোগ্রাফি-সংক্রান্ত একটি মামলায় রাজ কুন্দ্রার নাম সামনে আসে। ওই ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছিল এবং কিছুদিন কারাগারেও থাকতে হয়। পরে তিনি জামিনে মুক্তি পেলেও মামলাটি এখনো ভারতের নিম্ন আদালতে বিচারাধীন রয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ কুন্দ্রা জানান, দীর্ঘদিন ধরে মামলার বিচারপ্রক্রিয়া চলায় তিনি মানসিক চাপের মধ্যে রয়েছেন। প্রায় সাড়ে চার বছরেও মামলার উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় চলতি বছরের এপ্রিলে তিনি প্রকাশ্যে নিজের অসন্তোষের কথাও জানান।
সূত্রঃ যুগান্তর