
ডনের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে মুখ খুলেছিলেন সামিরা
ডেস্ক রিপোর্টঃ
নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। মাত্র কয়েক বছরের অভিনয়জীবনে ২৭টি সিনেমায় অভিনয় করেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যু ঘিরে আজও নানা আলোচনা ও বিতর্ক রয়েছে।
সালমান শাহর মৃত্যুর পর বিভিন্ন সময়ে তার সাবেক স্ত্রী সামিরাকে নিয়েও নানা গুঞ্জন ছড়িয়েছে। ১৯৯২ সালের ১২ আগস্ট ভালোবেসে বিয়ে করেছিলেন সালমান ও সামিরা। পরবর্তীতে সালমানের মৃত্যুর পর তাদের দাম্পত্যজীবনেরও সমাপ্তি ঘটে।
কয়েক বছর আগে খলনায়ক ডনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনা শুরু হয়। ছবির নারীকে সামিরা বলে দাবি করা হলেও পরে এ বিষয়ে ভিন্ন তথ্য সামনে আসে।
সালমান শাহ ও সামিরার বন্ধু মোস্তাক ওয়াইজ তখন দাবি করেন, ভাইরাল ছবিতে ডনের পাশে থাকা নারী সামিরা নন, অভিনেত্রী সাবরিনা। তার ভাষ্য অনুযায়ী, ‘আশা ভালোবাসা’ সিনেমার শুটিং চলাকালে ছবিটি তোলা হয়েছিল। সিনেমাটিতে সালমান শাহ ও শাবনাজ ছিলেন প্রধান চরিত্রে, আর সাবরিনা অভিনয় করেছিলেন পার্শ্বনায়িকার ভূমিকায়।
মোস্তাকের দাবি, শুটিংয়ের সময় সালমান শাহ মজা করে ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ওই ছবি তুলেছিলেন। পরবর্তী সময়ে ছবিটি নিয়ে ডনের সঙ্গে সালমান মজা করতেন বলেও জানান তিনি।
এ ছাড়া ডনের সঙ্গে সামিরার আলাদা একটি ছবির কথাও জানান মোস্তাক। তার বক্তব্য অনুযায়ী, সামিরা যখন ম্যাগাজিন পড়ছিলেন, তখন সালমান ছবি তুলছিলেন। ওই সময় ডন হাত বাড়িয়ে দিলে তার সঙ্গে সামিরার একটি ছবি তোলা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ডন ও সামিরার আরও কিছু ছবি সম্পাদিত বলেও দাবি করেন মোস্তাক। তার মতে, এসব ছবির বেশিরভাগই ফটোশপের মাধ্যমে তৈরি করা হয়েছিল।
ভাইরাল ছবি নিয়ে তখন নিজের বক্তব্যও দিয়েছিলেন সামিরা। তিনি দাবি করেছিলেন, তার একটি ছবি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। সালমানের ভক্তরা প্রকৃত ঘটনা না জেনে তাকে ভুল বুঝছেন এবং অপবাদ দিচ্ছেন বলেও জানান তিনি।
সামিরা আরও বলেছিলেন, ডন তার কাছে ছোট ভাইয়ের মতো ছিলেন এবং প্রতি ঈদে ডন তার পা ছুঁয়ে সালাম করতেন।
সূত্রঃ যুগান্তর