
থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার খায়রুল বাসার
ডেস্ক রিপোর্টঃ
থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছোটপর্দার অভিনেতা খায়রুল বাসার। মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, কোলান দ্বীপে নাটকের একটি দৃশ্য ধারণের জন্য পাহাড়ের ওপর গিয়েছিলেন খায়রুল বাসার ও তার শুটিং টিম। শুটিং শেষে পাহাড় থেকে নিচে নামার সময় হঠাৎ স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি। এ সময় স্কুটিতে থাকা চিত্রগ্রাহক মেহেদী রনিও আহত হন।
ঘটনার বর্ণনা দিয়ে খায়রুল বাসার জানান, নাটকের শুটিংয়ের জন্য তারা থাইল্যান্ডে গিয়েছিলেন এবং কাজও ভালোভাবেই চলছিল। কোলান দ্বীপে একটি দৃশ্যের শুটিং শেষ করে নিচে নামার সময় আচমকা স্কুটিটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মুহূর্তের মধ্যেই দুজন সড়কে পড়ে যান।
সে সময় স্কুটিটি চালাচ্ছিলেন চিত্রগ্রাহক মেহেদী রনি। দুর্ঘটনাটি খুব দ্রুত ঘটে যাওয়ায় কাছাকাছি থাকা শুটিং টিমের সদস্যরা ছুটে এসে তাদের উদ্ধার করেন।
দুর্ঘটনায় খায়রুল বাসারের বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে। বর্তমানে হাঁটাচলা করতেও তার সমস্যা হচ্ছে। ফলে বাধ্য হয়ে শুটিং স্থগিত করতে হয়েছে। নিজের শারীরিক অবস্থার কারণে আপাতত শুটিংয়ে অংশ নেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি।
অন্যদিকে, চিত্রগ্রাহক মেহেদী রনির শরীরের বিভিন্ন অংশে ছিলে যাওয়াসহ বেশ কিছু আঘাত লেগেছে। দুজনেরই এক্স-রে করানোর কথা রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এবং আপাতত বিশ্রামেই থাকতে হবে তাদের।
জানা গেছে, থাইল্যান্ডে একাধিক নাটকের শুটিংয়ের জন্য গিয়েছিলেন খায়রুল বাসার। ঈদের পর দীর্ঘ বিরতির পর এবারই প্রথম বিদেশের মাটিতে শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। এসব নাটকে তার সঙ্গে অভিনয় করছেন সাদনিমা বিনতে নোমানসহ আরও কয়েকজন শিল্পী।
সূত্রঃ যুগান্তর