
মুক্তির আগেই ‘জনা নায়াগান’ নিয়ে তুমুল উন্মাদনা, টিকিটের দাম উঠেছে ২,৫০০ রুপি
ডেস্ক রিপোর্টঃ
দক্ষিণ ভারতীয় সুপারস্টার বিজয়ের বহুল আলোচিত সিনেমা ‘জনা নায়াগান’ মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ভারতের বিভিন্ন শহরে অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই বহু শোর টিকিট অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে গেছে। এমনকি কিছু প্রেক্ষাগৃহে একটি টিকিটের মূল্য ২ হাজার ৫০০ রুপি পর্যন্ত পৌঁছেছে।
এইচ বিনোথ পরিচালিত ছবিটি আগামী ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রায় সাত মাস বিলম্বের পর মুক্তি পাচ্ছে সিনেমাটি। রাজনীতিতে পূর্ণকালীনভাবে যুক্ত হওয়ার আগে এটিই বিজয়ের শেষ চলচ্চিত্র হতে পারে—এমন ধারণায় ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।
বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বাই, দিল্লি ও কেরালাসহ ভারতের বিভিন্ন শহরে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বেশিরভাগ স্থানে তামিল সংস্করণের টিকিটের দাম ১০০ থেকে ৮০০ রুপির মধ্যে থাকলেও বেঙ্গালুরুতে প্রিমিয়াম আসনের মূল্য ১ হাজার রুপির বেশি নির্ধারণ করা হয়েছে।
বেঙ্গালুরুর সিনেপলিস নেক্সাস শান্তিনিকেতন প্রেক্ষাগৃহে রিক্লাইনার আসনের টিকিটের দাম রাখা হয়েছে ২ হাজার ৫০০ রুপি, যা ছবিটির সর্বোচ্চ টিকিট মূল্য হিসেবে আলোচনায় এসেছে।
উচ্চ মূল্য থাকা সত্ত্বেও দর্শকদের আগ্রহে কোনো ঘাটতি দেখা যায়নি। ৮০০ থেকে ১ হাজার রুপির প্রিমিয়ার শোগুলোর অধিকাংশ টিকিট বিক্রি শুরুর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায়। এমনকি ভোর ৬টা ৩০ মিনিটের অনেক প্রদর্শনীও দ্রুত হাউসফুল হয়ে যায়।
অন্যদিকে তামিলনাড়ুতে সরকারি নির্ধারিত টিকিট মূল্যই কার্যকর রাখা হয়েছে। চেন্নাইয়ে সর্বোচ্চ টিকিটের দাম ১৯০ রুপি এবং সর্বনিম্ন ৫৪ রুপি। তবুও দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। কামালা সিনেমাস জানিয়েছে, বুকিং শুরু হওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই তারা ১০ হাজারের বেশি টিকিট বিক্রি করেছে।
শুধু ভারতেই নয়, যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক বাজারেও সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। পরিবেশক আহিমসা এন্টারটেইনমেন্টের তথ্য অনুযায়ী, বুকিং চালুর প্রথম ঘণ্টাতেই হাজার হাজার টিকিট বিক্রি হয়েছে।
কেভিএন প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘জনা নায়াগান’-এ বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মমিথা বাইজুসহ আরও অনেকে। চলতি বছরের জানুয়ারিতে ছবিটি মুক্তির কথা থাকলেও সেন্সর জটিলতার কারণে তা পিছিয়ে যায়। পরে কয়েকটি দৃশ্য ও সংলাপে পরিবর্তন আনার পর সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ‘এ’ সনদ পেয়ে ২৩ জুলাই মুক্তির অনুমোদন পায় সিনেমাটি।
সূত্রঃ যুগান্তর