সবার কথা বলে

৪৩তম জন্মদিনে পরিবারকে ঘিরে বিশেষ মুহূর্ত ভাগ করলেন ক্যাটরিনা কাইফ

0 8

৪৩তম জন্মদিনে পরিবারকে ঘিরে বিশেষ মুহূর্ত ভাগ করলেন ক্যাটরিনা কাইফ

ডেস্ক রিপোর্টঃ

বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ৪৩তম জন্মদিনটি উদযাপন করেছেন একান্ত পারিবারিক পরিবেশে। এ উপলক্ষে স্বামী ভিকি কৌশল ও আট মাসের ছেলে ভিহানকে নিয়ে কাটানো কিছু স্মরণীয় মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি।

পোস্টে থাকা ছবিগুলোর মধ্যে একটি বিশেষভাবে ভক্তদের নজর কেড়েছে। সেখানে ছেলের ছোট্ট হাতে স্নেহভরে চুমু খেতে দেখা যায় ক্যাটরিনাকে। তবে সন্তানের গোপনীয়তা বজায় রাখতে ছবিতে ভিহানের মুখ প্রকাশ করা হয়নি। জন্মদিনের একক ছবি ছাড়াও পোস্টে ভিকি কৌশলের একটি ছবিও রয়েছে।

ছবির ক্যাপশনে ক্যাটরিনা লেখেন, জীবনের সবচেয়ে মূল্যবান আশীর্বাদগুলোর জন্য তিনি সবসময় কৃতজ্ঞ। তার ভাষায়, এটি ছিল জীবনের সেরা জন্মদিন।

অভিনেত্রী দিয়া মির্জা মন্তব্যে ভালোবাসা ও শুভকামনা জানান। এছাড়া বাণী কাপুর, আদিতি রাও হায়দারি, নীল নিতিন মুকেশ এবং জোয়া আখতারের মতো তারকারাও হৃদয়ের ইমোজির মাধ্যমে শুভেচ্ছা জানান।

এর আগে স্ত্রীর জন্মদিন উপলক্ষে ভিকি কৌশলও সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন। সেই ছবিতে কেক হাতে ক্যাটরিনাকে জড়িয়ে ধরে হাসিমুখে পোজ দিতে দেখা যায় এই দম্পতিকে। ক্যাপশনে তিনি হিন্দিতে লেখেন, ‘আমার প্রিয় মানুষের জন্মদিন।’

ভিকি ও ক্যাটরিনার প্রথম পরিচয় হয় ২০১৯ সালে নির্মাতা জোয়া আখতারের আয়োজিত এক অনুষ্ঠানে। একই বছর তাদের প্রেমের সম্পর্কের সূচনা হয়। পরে ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

২০২৫ সালের নভেম্বরে তাদের প্রথম সন্তান ভিহানের জন্ম হয়। চলতি বছরের শুরুতে দম্পতি জানান, ভিকি অভিনীত ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ চলচ্চিত্রে তার চরিত্রের নাম অনুসারেই ছেলের নাম রাখা হয়েছে।

বর্তমানে ছেলে ভিহানকে সময় দেওয়ার জন্য অভিনয় থেকে সাময়িক বিরতিতে রয়েছেন ক্যাটরিনা। অন্যদিকে ভিকি কৌশলকে শিগগিরই সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় আলিয়া ভাট ও রণবীর কাপুরের সঙ্গে দেখা যাবে।

সূত্রঃ যুগান্তর

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.