সবার কথা বলে

বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ, আগস্টেই চুক্তি

0 2

বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ, আগস্টেই চুক্তি

ডেস্ক রিপোর্টঃ

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে ইউরোপীয় নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩১ আগস্টের মধ্যে এয়ারবাসের সঙ্গে চূড়ান্ত ক্রয়চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। নতুন উড়োজাহাজগুলো ২০৩১ সাল থেকে ধাপে ধাপে বহরে যুক্ত হবে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রথমবারের মতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িং ও এয়ারবাস—দুই নির্মাতার উড়োজাহাজ নিয়ে পূর্ণাঙ্গ মিশ্র বহর পরিচালনা করবে। যদিও বিশেষজ্ঞদের মতে, এতে পরিচালনায় কিছু সুবিধা মিললেও প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ ও যন্ত্রাংশ ব্যবস্থাপনায় অতিরিক্ত ব্যয় বাড়তে পারে। তাই চুক্তির আগে ব্যয়-সুবিধার পূর্ণাঙ্গ মূল্যায়নের ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

এভিয়েশন বিশ্লেষক কাজী ওয়াহিদুল আলম বলেন, মিশ্র বহর পরিচালনার জন্য পৃথক পাইলট, প্রকৌশলী, যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থার প্রয়োজন হবে। পাশাপাশি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত অর্থনৈতিকভাবে লাভজনক কি না, সেটিও যাচাই করা জরুরি।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা) জানান, ভবিষ্যতে একটি মাত্র নির্মাতার ওপর নির্ভরশীলতা কমিয়ে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্যেই বিমানকে ধাপে ধাপে মিশ্র বহরে রূপান্তর করা হচ্ছে। তিনি বলেন, আগামী ৩১ আগস্টের মধ্যে চুক্তি সম্পন্ন হবে। মূল্য ও অন্যান্য বিস্তারিত তথ্য চুক্তি স্বাক্ষরের পর জানানো হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বোয়িং ও এয়ারবাস—উভয় প্রতিষ্ঠানই কয়েক বছর ধরে বাংলাদেশের কাছে উড়োজাহাজ বিক্রির চেষ্টা চালিয়ে আসছে। দীর্ঘ আলোচনার পর এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার বিষয়ে দুই পক্ষ নীতিগত সমঝোতায় পৌঁছেছে।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে। নতুন ১০টি উড়োজাহাজ যুক্ত হলে বহরের সংখ্যা বেড়ে ২৯-এ পৌঁছাবে। অন্যদিকে, বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার পৃথক পরিকল্পনার আওতায় সেগুলো ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে সরবরাহ পাওয়ার কথা রয়েছে।

সূত্রঃ যুগান্তর 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.