সবার কথা বলে

পানির স্তর স্বাভাবিক হওয়ায় কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বন্ধ

0 1

পানির স্তর স্বাভাবিক হওয়ায় কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বন্ধ

ডেস্ক রিপোর্টঃ

কাপ্তাই লেকের পানির উচ্চতা নিরাপদ পর্যায়ে নেমে আসায় কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট পানি নিষ্কাশনের পর বুধবার রাত ১১টায় একযোগে সব জলকপাট বন্ধ করা হয়।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, গত কয়েকদিন ধরে স্পিলওয়ের মাধ্যমে নিয়মিত পানি ছাড়া হওয়ায় লেকের পানির স্তর উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জলকপাটগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, বুধবার রাত ১১টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ২৬ ফুট (এমএসএল)। একই সময়ে কেন্দ্রের পাঁচটি উৎপাদন ইউনিট থেকে প্রায় ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছিল।

এর আগে গত শনিবার সকাল ১১টা ২০ মিনিটে লেকের পানির উচ্চতা ১০৪ দশমিক ০৮ ফুটে পৌঁছে বিপৎসীমার কাছাকাছি চলে যাওয়ায় স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। তখন প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে কাপ্তাই লেকের পানির উচ্চতার ওপর ভিত্তি করেই প্রয়োজন অনুযায়ী জলকপাট খোলা বা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্রঃ বাসস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.