সবার কথা বলে

মালদ্বীপের স্বাধীনতা দিবসের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী

0 1

মালদ্বীপের স্বাধীনতা দিবসের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ

মালদ্বীপ সরকারের আমন্ত্রণে দেশটির ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরকালে তিনি বাংলাদেশ ও মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার মালের রিপাবলিক স্কয়ারে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের প্যারেডে পৌঁছালে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম তাকে স্বাগত জানান। অনুষ্ঠানে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের বিভিন্ন ইউনিটের কুচকাওয়াজ ও সামরিক প্রদর্শনীর মাধ্যমে দেশটির ঐতিহ্য, শৃঙ্খলা ও জাতীয় গৌরব তুলে ধরা হয়।

প্যারেড শেষে পররাষ্ট্রমন্ত্রী একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে মালদ্বীপের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়। পরে মনোমুগ্ধকর আতশবাজির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সফরের অংশ হিসেবে প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর ‘ফাইভ মিলিয়ন ট্রিজ প্রজেক্ট’-এ অংশ নিয়ে মালের লোনুজিয়ারাই পার্কে একটি ক্রিস্টিনা গাছের চারা রোপণ করেন ড. খলিলুর রহমান। এ সময় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম এবং জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জ্বালানি বিষয়ক মন্ত্রী আলী শরীফ উপস্থিত ছিলেন।

চারা রোপণ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের সবুজায়ন উদ্যোগের প্রশংসা করেন এবং জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পৃথিবী গড়ার অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।

তিনি আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে সৌদি আরবের আরাফাতে রোপণ করা বিপুলসংখ্যক নিমগাছ ‘জিয়া ট্রিজ’ নামে পরিচিত। বর্তমানে মালদ্বীপ সরকারের আমন্ত্রণে স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেশটিতে সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সূত্রঃ বাসস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.