
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দিতে সম্মত ট্রাম্প: জেলেনস্কি
ডেস্ক রিপোর্টঃ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দেশটির আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদনের লাইসেন্স দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, চলতি মাসের শুরুতে তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনের সময় এ বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা শুরু হয়। ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত বাড়াতে এ ধরনের লাইসেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, পরবর্তীতে হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাবে সম্মতি জানান।
তিনি আরও জানান, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের কয়েকটি শীর্ষ প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
এদিকে মঙ্গলবার ক্যাপিটল হিলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি বলেন, ইউক্রেনের সবচেয়ে জরুরি প্রয়োজন অ্যান্টি-ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা ও সংশ্লিষ্ট ক্ষেপণাস্ত্র। এ বিষয়ে দেশের প্রয়োজনীয়তা তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে স্পষ্টভাবে তুলে ধরেছেন।
সূত্রঃ যুগান্তর