
শিশুদের আত্মবিশ্বাস ও শৃঙ্খলা গড়তে প্রাথমিক শিক্ষায় বাধ্যতামূলক হচ্ছে মার্শাল আর্ট
ডেস্ক রিপোর্টঃ
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ ও আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে প্রাথমিক পর্যায়ের ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষায় খেলাধুলার কার্যক্রম আরও কার্যকর ও শক্তিশালী করতে চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষার অংশ হিসেবে মার্শাল আর্ট যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) রাত ৮টায় রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণিতে র্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ‘ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মার্শাল আর্ট শুধু আত্মরক্ষার কৌশল শেখানোর মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মানুষের মধ্যে ধৈর্য, শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একজন শিক্ষার্থী নিজের সক্ষমতার ওপর আস্থা রাখতে শিখলে সে সহিংসতা ও সংঘাত এড়িয়ে চলতে পারে এবং সমাজে গঠনমূলক ভূমিকা রাখতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, দেশের নতুন প্রজন্মকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে দৃঢ়, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলা ও মার্শাল আর্টের বিস্তার জরুরি। এ লক্ষ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে কারাতে প্রশিক্ষণ সম্প্রসারণে একটি বাস্তবসম্মত পরিকল্পনা তৈরির জন্য সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান তিনি। এ উদ্যোগ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেন।
নিজের কারাতে জীবনের স্মৃতিচারণ করে ববি হাজ্জাজ বলেন, ১৯৯১ সালে কিয়োকুশিন কারাতে প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে তার এ যাত্রা শুরু হয়েছিল। সে সময়ের অনুশীলন, সহপাঠীদের সঙ্গে গড়ে ওঠা বন্ধুত্ব এবং বিভিন্ন ব্রেকিং ও কারাতে প্রদর্শনীর অভিজ্ঞতা এখনো তাকে অনুপ্রেরণা দেয়।
বর্তমান প্রজন্মের কারাতেকাদের পরিবেশনা দেখে তিন দশকেরও বেশি সময় আগের সেই স্মৃতিগুলো আবারও মনে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠান শেষে ব্ল্যাক বেল্ট অর্জনকারী কারাতেকাদের হাতে সনদ ও ব্ল্যাক বেল্ট তুলে দেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি তাদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেন।
সূত্রঃ যুগান্তর