
ভয়াবহ দাবানলে ওয়াশিংটনে জরুরি অবস্থা, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে
ডেস্ক রিপোর্টঃ
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহরের কাছাকাছি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়া একটি দাবানলের কারণে হাজারো বাসিন্দাকে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। অঙ্গরাজ্যজুড়ে ভয়াবহ দাবানল পরিস্থিতি এবং দীর্ঘস্থায়ী খরার কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
টানা চার বছর ধরে রেকর্ড খরার মুখে থাকা উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়াশিংটনে বর্তমানে দুই লাখ একরের বেশি এলাকা আগুনে পুড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপণ কর্মী ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলো কাজ করছে।
ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন এক বিবৃতিতে বলেন, রেকর্ড খরা ও শক্তিশালী বাতাস মিলিয়ে অঙ্গরাজ্যজুড়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
দাবানলের ঝুঁকি কমাতে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত অধিকাংশ খোলা জায়গায় এবং কৃষিকাজের প্রয়োজনে আগুন জ্বালানো নিষিদ্ধ করা হয়েছে বলে জানান তিনি।
পাবলিক ল্যান্ডস কমিশনার ডেভ আপথেগ্রোভ বলেন, আগস্ট মাসের শুরুতেই ওয়াশিংটন অন্যতম ব্যস্ত ও ভয়াবহ দাবানল মৌসুমের মুখোমুখি হয়েছে। তার মতে, বছরের এই পর্যায়ে এত বড় আকারের দাবানল পরিস্থিতি উদ্বেগজনক।
স্থানীয় সংবাদমাধ্যম স্পোকসম্যান-রিভিউ জানিয়েছে, ‘ওল্ড ট্রেইলস’ নামে পরিচিত দাবানলটি শনিবার বিকেলে স্পোকেন নদী পেরিয়ে শহর এলাকায় প্রবেশ করে।
সরকারি সরিয়ে নেওয়ার মানচিত্র অনুযায়ী, শহরের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সর্বোচ্চ মাত্রার ‘গো নাউ’ সতর্কতা জারি করা হয়েছে। এ নির্দেশের আওতায় থাকা বাসিন্দাদের কোনো বিলম্ব না করে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
স্থানীয় সময় শনিবার রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত দাবানলটি তিন হাজার ৫০০ একরেরও বেশি এলাকায় ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ।
এক সংবাদ সম্মেলনে মেজর জেনারেল জেন্ট ওয়েলশ বলেন, সূর্য ডোবার পর এবং পরদিন সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আগুনের ক্ষয়ক্ষতির চিত্র আরও স্পষ্ট হবে। পরিস্থিতির ভয়াবহতা দেখে সবাই বিস্মিত হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
দাবানলে ক্ষতিগ্রস্ত ও ঘরবাড়ি ছাড়তে বাধ্য হওয়া মানুষদের জন্য স্পোকেন কনভেনশন সেন্টারে একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করেছে জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ পূর্ব ওয়াশিংটনের জন্য ‘রেড ফ্ল্যাগ অ্যালার্ট’ জারি করে। সেখানে পরিস্থিতিকে ‘বিশেষভাবে বিপজ্জনক’ এবং আবহাওয়াজনিত দাবানলের ঝুঁকিকে ‘চরম’ হিসেবে উল্লেখ করা হয়।
এদিকে ওয়াশিংটন ন্যাশনাল গার্ড জানিয়েছে, স্পোকেন অঞ্চলে জরুরি সহায়তা দিতে দ্রুত বিভিন্ন ইউনিট মোতায়েন করা হচ্ছে। দাবানল নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
সূত্রঃ বাসস