
ইরান সংঘাতে থাড ইন্টারসেপ্টরের ৮০ শতাংশ ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র: সিএনএন
ডেস্ক রিপোর্টঃ
ইরানের সঙ্গে সংঘাতের সময় যুক্তরাষ্ট্র তাদের টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার প্রায় ৮০ শতাংশ ইন্টারসেপ্টর ব্যবহার করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে সংশ্লিষ্ট দুজন সূত্রের বরাত দিয়ে বলা হয়, যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে থাকা থাড ইন্টারসেপ্টরের প্রায় চার-পঞ্চমাংশ সংঘাত চলাকালে ব্যয় হয়েছে। একই সময়ে দেশটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টরও ব্যবহার করা হয়েছে।
এর আগে রয়টার্স ও সিবিএস নিউজের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র তাদের দীর্ঘপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুতের উল্লেখযোগ্য অংশ ব্যয় করেছে।
সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত কমে আসা এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কা বড় ধরনের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। এসব বিষয় বিবেচনায় ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পরিকল্পিত ব্যাপক হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার বিষয়ে উদ্বেগকে গুরুত্ব দেয়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ও হোয়াইট হাউস।
পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল সিএনএনকে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী এবং প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী যেকোনো সময়, যেকোনো স্থানে অভিযান পরিচালনার জন্য তাদের প্রয়োজনীয় সক্ষমতা রয়েছে।
অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলিও জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের কৌশলগত লক্ষ্য বাস্তবায়ন এবং ভবিষ্যতের প্রয়োজন মেটানোর জন্য যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত পরিমাণ ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামরিক সরঞ্জাম মজুত রয়েছে।
সূত্রঃ যুগান্তর