
ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ‘তেহেলকা’র সাবেক সম্পাদক তরুণ তেজপাল
ডেস্ক রিপোর্টঃ
ভারতের অনুসন্ধানী সাময়িকী ‘তেহেলকা’র সাবেক সম্পাদক তরুণ তেজপালকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে দোষী সাব্যস্ত করেছে বোম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ। এর ফলে ২০২১ সালে নিম্ন আদালতের দেওয়া তার খালাসের রায় বাতিল হয়ে গেল। তবে তার সাজা পরে ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার দেওয়া রায়ে আদালত জানায়, ভারতীয় দণ্ডবিধির ধর্ষণ ও যৌন হয়রানিসংক্রান্ত ধারায় তেজপালের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে আইন অনুযায়ী তিনি চাইলে এ রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করতে পারবেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের নভেম্বরে গোয়ায় ‘তেহেলকা’ আয়োজিত একটি অনুষ্ঠানের সময় লিফটের ভেতরে এক নারী সহকর্মীকে যৌন নির্যাতন করেন তেজপাল। ভারতীয় আইন অনুসারে ভুক্তভোগীর পরিচয় প্রকাশ করা হয়নি।
অভিযোগ ওঠার পর তেজপালকে গ্রেপ্তার করা হয় এবং তিনি প্রায় সাত মাস কারাগারে ছিলেন। পরে ভারতের সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করেন। এরপর ২০২১ সালে গোয়ার একটি নিম্ন আদালত তাকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেয়। সেই রায়ের বিরুদ্ধে আপিল করে গোয়া সরকার।
শুনানিতে গোয়া সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতের কাছে তেজপালের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। তিনি বলেন, আদালতের এমন বার্তা দেওয়া উচিত যাতে স্পষ্ট হয়— একজন নারী ‘না’ বললে তার অর্থ ‘না’, এবং সেই সিদ্ধান্তকে অবশ্যই সম্মান করতে হবে।
রায় ঘোষণার পর নিজের প্রতিক্রিয়ায় তরুণ তেজপাল দাবি করেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। ৬২ বছর বয়সী এই সাংবাদিক জানান, তার পরিবার রয়েছে এবং তিনি আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করবেন।
সূত্রঃ যুগান্তর